বেশ কিছুদিন ধরে আলোচনায় গার্ড অব অনার প্রসঙ্গ। ক্লাব বিশ্বকাপ জেতার পর বার্সার কাছে ক্লাসিকোতে গার্ড অব অনার চেয়ে বসেন ক্রিস্তিয়ানো রোনালদো! যেই চাওয়াতে কোনও যুক্তি খুঁজে পাননা বার্সা কোচ। তার মতে বার্সা হলেও এমনটি চাওয়ার কোনও মানে নেই। যার পেছনে যুক্তি হিসেবে বার্সা কোচ বলেছেন, ‘আমি কারও জন্যে এমনটি চাইবো না। এমনকি আমাদের জন্যেও না। কারণ বেশ কয়েক বছর আগেই বিষয়টি তার মর্যাদা হারিয়েছে।’ তাই বলে রিয়ালকে অসম্মান করছেন না ভালভারদে, ‘মাদ্রিদের প্রতি অবশ্যই আমাদের সম্মান আছে। ওরা এ বছর যা করেছে সেটা আমরা জানি।’
ক্লাসিকো জিতলে শিরোপা জেতা হবে না বার্সার। এমনটি আগেও বলেছেন বার্সা কোচ। সেটা মনে করিয়ে দিলেন ম্যাচের আগেও, ‘কালকে জিতলেই আমরা শিরোপা জিতে যাচ্ছি না। অ্যাতলেতিকো মাদ্রিদ ৬ পয়েন্ট পেছনে রয়েছে। এই ব্যবধান কমে তিনও হয়ে যেতে পারে। তাই আমরা ম্যাচটি খেলতে নামবো সেভাবেই, যাতে মনে হয় এটাই আমাদের শেষ।’