অ্যাশেজে না থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে ফিরেছিলেন অলরাউন্ডার বেন স্টোকস। যদিও স্কোয়াডে ছিলেন শর্ত সাপেক্ষে এবার সেই স্কোয়াড থেকেও তাকে প্রত্যাহার করে নিচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তার সম্ভাব্য বদলি ডেভিড মালান।
ব্রিস্টলে একজনকে শারীরিকভাবে আঘাত করার ঘটনায় এখনও তদন্ত রিপোর্ট প্রকাশ বাকি। অবশ্য ডিসেম্বরে তাকে নেওয়ার লক্ষ্যে স্কোয়াডে ঘোষণা করে ইসিবি। এই নির্বাচন নিয়ে বোর্ড জানিয়ে দিয়েছিল পুলিশি তদন্তের সাপেক্ষেই খেলতে পারবেন স্টোকস। অথচ তার আগে ইসিবির এমন সিদ্ধান্তে সব কিছু পরিষ্কার হয়ে গেলো!
সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডের পর এমন কাণ্ড ঘটান বেন স্টোকস। ম্যাচের পর গিয়েছিলেন ব্রিস্টলের এক নাইটক্লাবে। রাত আড়াইটায় সেই পানশালার বাইরেই ঘটে অপ্রীতিকর ঘটনা। দুজনকে মারধর করেন। দ্য সান’র প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, ঘুষি মেরে একজনকে মেরে রাস্তায় ফেলে দিয়েছেন টেস্ট সহঅধিনায়ক। ওই সময় তার পাশে আরেক তারকা অ্যালেক্স হ্যালস থাকলেও তার ভূমিকা ছিল না। তাই কোনও নিষেধাজ্ঞার মধ্যে পড়তে হয়নি হ্যালসকে। তবে নিষেধাজ্ঞার খড়গ নেমে আসে স্টোকসের ভাগ্যে।
এ ঘটনার তদন্ত কাজ শেষ করেছে অ্যাভন ও সমারসেট পুলিশ। তবে তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হবে কিনা এ নিয়েই দ্বিধাদ্বন্দ্বে আছে তদন্তকারী সংস্থা। এ ঘটনায় পুলিশ জানিয়েছে মেরে আহত ব্যক্তির চোখের কোটর ফাঁটিয়ে দিয়েছেন স্টোকস।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৪ জানুয়ারি।
ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: এয়োইন মরগান (অধিনায়ক), জেসন রয়, জনি বেয়ারস্টো, অ্যালেক্স হ্যালস, জো রুট, স্যাম বিলিংস, জশ বাটলার, মঈন আলী, আদিল রশিদ, ডেভিড উইলি, লিয়াম প্লাঙ্কেট, টম কুরান, মার্ক উড, জ্যাক বল ও ডেভিড মালান (সম্ভাব্য)।