সভায় যোগ দিতে রবিবার লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বিশ্বের সেরা এই অলরাউন্ডার। সেখানে বাংলাদেশের সুবিধা-অসুবিধাগুলো নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন তিনি। আর এই মোক্ষম সুযোগটাই কাজে লাগাতে চান অভিজ্ঞ এই অলরাউন্ডার, ‘এর আগে যখন এই সভা হয়েছে, তখন বাংলাদেশের কেউ ছিল না। আমরা কী সুবিধা পাই কিংবা কী অসুবিধা মোকাবেলা করি- এসব নিয়ে ওদের সেরকম ধারণা কম। এখন এগুলো আমি হয়তো শেয়ার করতে পারবো। সবচেয়ে বড় কথা ওখানে আমি দর্শক হয়ে বসে থাকতে চাই না। যে কয় বছর কমিটিতে থাকব, সক্রিয় হয়েই থাকতে চাই।’
গত অক্টোবরে এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে যোগ দেওয়া চার সদস্যের অন্যতম বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। বাকিরা হলেন- নিউজিল্যান্ড নারী দলের অধিনায়ক সুজি বেটস, ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার ইয়ান বিশপ এবং শ্রীলঙ্কার সাবেক অফস্পিনার ও বর্তমানে আম্পায়ার কুমার ধর্মসেনা। তাই এই কমিটিতে থাকাটাকে বড় সম্মানের মনে করছেন সাকিব, ‘এটা অবশ্যই রোমাঞ্চকর অভিজ্ঞতা। আমার কাছে মনে হয় এটা অনেক বড় সম্মাননা। পাশাপাশি দায়িত্বও।’
সভাতে ক্রিকেটের প্রাসঙ্গিক বিষয় ছাড়াও সমসাময়িক ক্রিকেটের আইন-কানুন নিয়ে আলোচনা হয়। এছাড়া ক্রিকেটের পরিবর্তন ও ক্রিকেটের ভালো-মন্দ দিকগুলো নিয়ে কমিটির সদস্যরা তাদের বক্তব্য তুলে ধরে। সেগুলো এই কমিটি সুপারিশ আকারে আইসিসির কাছে পাঠায়। পরবর্তীতে আইসিসি সেগুলো অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন করে। সাকিব এমসিসির সভাতে কী বলবেন- সেগুলো নিয়ে প্রস্তুত না হলেও এজেন্ডা দেখে প্রস্তুতিটা শিগগিরই সেরে ফেলতে চান, ‘এখনও নেইনি। তবে প্রস্তুতি থাকবে। কারণ অনেকগুলো এজেন্ডা নিয়ে স্বাভাবিকভাবে আলোচনা হবে। ওই এজেন্ডাগুলো আমি জানি। তারপরও একটু পড়াশুনা করতে হবে। কেননা অপ্রস্তুত অবস্থায় মোটেও যাওয়া যাবে না। আশা করি ওখানে ভালোভাবেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারব।’
নিজে থেকে বাংলাদেশের বিষয়ে কোনও বক্তব্য থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব বলেছেন, ‘ওখানে দুই দিনের এজেন্ডা সব ঠিক করা আছে। বাইরের কিছু আলোচনার সুযোগ থাকলে, সেটা করা যাবে। কিন্তু এখন পর্যন্ত স্পষ্টভাবেই এজেন্ডাতে উল্লেখ আছে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে।’
এবারের সভার পর আগামী ৬ ও ৭ আগস্ট লর্ডসে অনুষ্ঠিত হবে পরবর্তী সভা।
১৪ সদস্যের কমিটির চেয়ারম্যান ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক গ্যাটিং। কমিটিতে আরও আছেন-ব্রেন্ডন ম্যাককালাম, রমিজ রাজা, জন স্টিভেনসন, কুমার সাঙ্গাকারা, সৌরভ গাঙ্গুলী, রডনি মার্শ, রিকি পন্টিং, টিম মে ও ভিন্স ফন ডার বাইল।