ষষ্ঠ হয়েই ‍যুব বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ

প্রোটিয়াদের কাছে হেরে গেছে বাংলাদেশ যুব দল।যুব বিশ্বকাপের প্লে অফে ষষ্ঠ স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে। দক্ষিণ আফ্রিকার কাছে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে ৮ উইকেটে হেরেছে যুবারা।

টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ খুব বেশি পুঁজি সংগ্রহ করতে পারেনি। ব্যাটিং ব্যর্থতায় ৪১.৪ ওভারে মাত্র ১৭৮ রানে গুটিয়ে যায় সাইফ হাসানের দল। ৩৩ রানেই হারায় ৫ উইকেট! যদিও আফিফ হোসেনের ৬৩ ও শাকিল হোসেনের ৬১ রানের দায়িত্বশীল ইনিংস মান বাঁচিয়েছে যুবাদের। শেষ দিকে টিপু সুলতান অপরাজিত ছিলেন ১৮ রানে। দক্ষিণ আফ্রিকার হয়ে জোন্স ৫টি উইকেট নেন। ৩টি নেন এমনায়াকা।

জবাবে খেলতে নামলে দক্ষিণ আফ্রিকা ৩৮.২ ওভারে দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয়। অধিনায়ক ভ্যান টোন্ডার ৮২ আর রোলফস ৪৪ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ম্যাচসেরা হয়েছেন ৫ উইকেট নেওয়া জোন্স।