টেস্ট ও টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান প্রেসিডেন্ট বক্সে বসে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম দিনের ম্যাচ উপভোগ করলেন। অথচ এত সুন্দর একটি দিনে সাকিব থাকলেন দর্শক হয়েই। আফসোস করতেই পারেন সাকিব। মুমিনুল ক্যারিয়ারের দ্রুততম এবং বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি তুলে নিয়েছেন। যা সতীর্থ হিসেবে নয়, দর্শক হিসেবেই প্রেসিডেন্ট বক্সে বসে উপভোগ করেছেন দেশসেরা এই ক্রিকেটার।
খেলা দেখতে সাকিব চট্টগ্রাম আসেন বুধবার সকালে। সন্ধ্যার ফ্লাইটেই আবার ঢাকায় ফিরে যাওয়ার কথা। আপাতত ড্রেসিংরুমে থেকে সতীর্থদের অনুপ্রেরণা দেওয়া ছাড়া আর কিছুই করার নেই তার।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার ইনিংসে ৪২তম ওভারের প্রথম বলে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে আঘাত পান সাকিব। শুরুতে মাঠে চিকিৎসা নিলেও পরে বেরিয়ে আসেন। ড্রেসিং রুমে কিছুক্ষণ বরফ দিয়ে রাখার পর হাসপাতালে নেওয়া হয় এই অলরাউন্ডারকে। চট্টগ্রামে টেস্টে সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিবের আঙুলে এখনও ব্যান্ডেজ বাঁধা রয়েছে। সেলাই পুরোপুরি না শুকালে ঢাকা টেস্টেও খেলা হবে না সাকিবের!