ভিডিওটিতে দেখা গেছে, একজন ব্যাটসম্যান ইচ্ছে করে রান আউট হতে সর্বোচ্চ চেষ্টাটাই করছেন! এই টুর্নামেন্টটিতে আইসিসির অনুমোদনও নেই! তাই আইসিসি বিবৃতিতে জানিয়েছে, টুর্নামেন্টটি ব্যক্তিগত উদ্যোগে হওয়ায় সরাসরি আইসিসি এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। তবে যেসব দেশের ক্রিকেটাররা এতে অংশ নিয়েছেন, সংশ্লিষ্ট সেসব দেশের বোর্ডকে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলেছে আইসিসি।
সংযুক্ত আরব আমিরাতে হওয়া এই টুর্নামেন্টের নাম আজমান অল স্টারস ইভেন্ট। এতে সাবেক পাকিস্তানি ক্রিকেটাররাও অংশ নিচ্ছেন। তাতে আগে ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানো সালমান বাটের নামটিও রয়েছে!
এ প্রসঙ্গে আইসিসি বিবৃতিতে জানিয়েছে, ‘এতে যুক্ত থাকা অনেক ক্রিকেটারের সঙ্গে কথা বলেই বহু তথ্য জানা গেছে। মনে করছি তাতে বেশ কড়া মাত্রায় দুর্নীতির ছাপ স্পষ্ট। ইভেন্টটি ক্রিকেটের সুনাম নষ্ট করছে, তাই তদন্ত চলতে থাকবে।’
এই মুহূর্তে শুধু মাত্র আয়োজকদের খুঁজে বের করতেই মরিয়া আইসিসি। যাতে করে ভবিষ্যতে অনুমোদনহীন এমন টুর্নামেন্ট আর কেউ আয়োজন করতে না পারে।
এই টুর্নামেন্ট থেকে সাবেক যেসব ক্রিকেটারের নাম উঠে এসেছে তাদের মধ্যে অন্যতম নামটি হলো হাসান রাজা। তিনি বর্তমানে আরব আমিরাতেই বসবাস করছেন। তিনিও নিজের মুখে স্বীকার করে নিয়েছেন টুর্নামেন্টটি দুর্নীতিতে ভরপুর, ‘আমি প্রথম ম্যাচে খেলেছিলাম। আমাকে বলা হয়েছিল এটা একটি প্রীতি ম্যাচ। কিন্তু দ্বিতীয় ম্যাচের গতি প্রকৃতি দেখে বিস্মিত হয়েছি। আজমানে এবারই প্রথম এমনটি হতে দেখলাম। তাতে যে অনৈতিক কিছু হচ্ছে সেটা বুঝতে পারছিলাম। তাই তৃতীয় দিন আমি আর এতে ছিলাম না।’
এদিকে সালমান বাটের নাম আসলেও তার বিরুদ্ধে অনৈতিক কিছুর প্রমাণ পাওয়া যায়নি। যেই ভিডিওটি নিয়ে মূল বিতর্ক, সেখানেও তাকে খেলতে দেখা যায়নি।
ভিডিও