প্রথম আফগান ক্রিকেটার হিসেবে নবির ২ হাজার রান

মোহাম্মদ নবিআফগানিস্তান ক্রিকেটের উত্থানে অনেক ভূমিকা অলরাউন্ডার মোহাম্মদ নবির। সাবেক এই অধিনায়কের দখলে বেশ কিছু রেকর্ড। টি-টোয়েন্টিতে রয়েছে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড। ওয়ানডেতে দেশের সর্বাধিক উইকেটের মালিকও এখন তিনি। এবার দেশের হয়ে আরেকটি মাইলফলকের পাশে নাম লিখিয়েছেন সবার আগে। ওয়ানডেতে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ২ হাজার ক্লাবের সদস্য মোহাম্মদ নবি।

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে এমন অর্জনের পাশে নাম লেখান তিনি। এই ম্যাচের আগে নবির সংগ্রহ ছিল ১ হাজার ৯৭২ রান। ৮৮তম ম্যাচে এসে পার করলেন ২ হাজার। তার বর্তমান সংগ্রহ ২ হাজার ৩ রান।

এছাড়া নবির ঝুলিতে রয়েছে ৯১ উইকেট। ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে নবি সেঞ্চুরি হাঁকিয়েছেন একটি বিপরীতে হাফসেঞ্চুরি রয়েছে ৯টি।

অবশ্য এমন মাইলফলকের দিনে হতাশা নিয়ে সাজঘরে ফিরতে হয়েছে সাবেক অলরাউন্ডারকে। জিম্বাবুয়ের কাছে ১৫৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে আফগানিস্তান। ৩৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩০.১ ওভারে ১৭৯ রানে গুটিয়ে যায় আফগানরা। মোহাম্মদ নবি আউট হন ৩১ রানে।