দ্বিতীয় ওয়ানডেতে কেন উইলিয়ামসনের খেলা অনিশ্চিত

কেন উইলিয়ামসন।হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে বিপদে রয়েছেন কেন উইলিয়ামসন। ফিটনেস প্রমাণ করতে পারেননি বলে ছিটকে যেতে পারেন দ্বিতীয় ওয়ানডে থেকে।  অভিজ্ঞ তারকা খেলতে না পারলে কিউইদের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক করতে পারেন মার্ক চ্যাপম্যান।

ইতোমধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয়ে গেছে চ্যাপম্যানের।  নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডে না খেললেও আগেই ওয়ানডে অভিষেক করে ফেলেছেন হংকং জাতীয় দলের হয়ে!

এমনকি হংকংয়ের হয়ে কিছু সেঞ্চুরিও আছে বর্তমানে নিউজিল্যান্ডের হয়ে খেলা এই তারকার।  তবে তার খেলা পুরোপুরি নির্ভর করছে কেন উইলিয়ামসনের ফিটনেসের ওপর। এ প্রসঙ্গে নিউজিল্যান্ড কোচ মাইক হেসন জানান, ‘উইলিয়ামসন যদি ফিটনেস প্রমাণ করতে পারে তাহলে অবশ্যই খেলবে। না হলে তার জায়গায় খেলবে মার্ক চ্যাপম্যান।’

কেনের সার্বিক চোট নিয়ে কিউই কোচ আরও বলেন, ‘কয়েকমাস ধরেই ও চোট নিয়ে অস্বস্তিতে ছিল। হ্যামস্ট্রিংয়ের চোট গুরুতর না হলেও তার শতভাগ ফিট থাকা প্রয়োজন।’

সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে কাল বুধবার।