৪১৭ রান তাড়া করতে রেকর্ড করতে হতো স্বাগতিক দক্ষিণ আফ্রিকার। কিন্তু অসি বোলিং তোপে তার আর সম্ভব হয়নি। প্রতিরোধের দেওয়াল দেওয়া কুইন্টন ডি কককে ফিরিয়েই জয় নিশ্চিত করেন জশ হ্যাজেলউড। ৮৩ রান করে ফেরেন চতুর্থ দিন আলোচনার জন্ম দেওয়া এই ক্রিকেটার। তাতে প্রোটিয়ারা গুটিয়ে যায় ২৯৮ রানে। মরকেল অপরাজিত থাকেন ৩ রানে।
এদিন হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন দুই ইনিংসে প্রোটিয়াদের কাঁপানো মিচেল স্টার্ক। আগের দিন শেষ দুই বলে কেশব মহারাজ ও কাগিসো রাবাদাকে ফেরালে অপেক্ষায় থাকেন এদিন। পঞ্চম দিনে তেমন লক্ষ্য নিয়ে চেষ্টা করলেও তার আর সম্ভব হয়নি। বেঁচে যান কুইন্টন ডি কক।
এই জয়ের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকায় সিরিজ না হারার রেকর্ড অক্ষুণ্ন রাখার দিকেই রইলো অস্ট্রেলিয়া। ৪ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী শুক্রবার।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার পক্ষে ৭৫ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন মিচেল স্টার্ক। জশ হ্যাজেলউড নিয়েছেন ৩ উইকেট। একটি করে নেন প্যাট কামিন্স ও মিচেল মার্শ। ম্যাচসেরা হয়েছেন মোট ৯ উইকেট নেওয়া মিচেল স্টার্ক।