শুক্রবার প্রেমাদাসা স্টেডিয়ামে দলের অনুশীলনের পর কথা বলেন লঙ্কানদের পেস বোলিং এই কোচ। তার মতে, ‘বাংলাদেশ শক্তিশালী দল। বাংলাদেশে ওরা সব দলকেই হারিয়েছে। এমনকি গত বছর শ্রীলঙ্কাকেও এখানে হারিয়েছে। তাই ওরা খুবই শক্তিশালী দল।’
প্রতিপক্ষ সম্পর্কে পুরোপুরি জানা আছে লঙ্কান বোলিং কোচের। তাই সেই দলটির বিপক্ষে মুখোমুখি হতে হোমওয়ার্ক করেই মাঠে নামতে প্রস্তুত শ্রীলঙ্কা,‘ ওদের অনেক খেলোয়াড় আছে যারা ভালো কিছু করে দেখানোর ক্ষমতা রাখে। আমরাও কিন্তু ওদের জন্যে প্রস্তুত। আমরা ওদের মুখোমুখি হতে সব কিছু নিয়ে চিন্তা-ভাবনা করছি।’
শ্রীলঙ্কা ভারতকে হারিয়েছে প্রথম ম্যাচে। দাপুটে ভঙ্গিতেই দলটি জিতেছে উদ্বোধনী ম্যাচে। কেমন করে সম্ভব হলো এমন পারফরম্যান্স? উত্তরে বোলিং কোচ অবশ্য পুরো কৃতিত্ব দিলেন হেড কোচ হাথুরুসিংহেকেই, ‘আমি সব সময়ই বলি আমাদের দলে অনেক প্রতিভা রয়েছে। সব কিছুর পেছনে রয়েছে আসলে মানসিকতা- তাই আমার মনে হয় হাথুরুসিংহেই এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। সে দলের মানসিকতা পাল্টে দিয়েছে, যারা নিজের খেলাটা খেলছে।’