মুশফিককে প্রশংসায় ভাসাতে বললেন তামিম

জয়ের পর মুশফিকের উল্লাসভারতের বিপক্ষে ব্যর্থতার পর ঐতিহাসিক রান তাড়ার জয়- দুটোতেই পাদপ্রদীপের আলোয় ছিলেন মুশফিকু রহিম। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে দুই রানে হারের দুঃসহ স্মৃতির বোঝা অনেক দিন ধরেই বয়ে বেড়াচ্ছিলেন তিনি। সেই মুশফিকই যেন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ঐতিহাসিক জয় দিয়ে তার শাপমোচন করলেন!

ম্যাচের পর এমন অভিব্যক্তিই ফুটে ওঠে তামিম ইকবালের কণ্ঠে, ‘বেঙ্গালুরুতে যে ভুলটি করেছিল আজকে আর সে ভুলটির পুনরাবৃত্তি করেনি। আমি সব সময়ই মনে করি, খারাপ হোক আর ভালো খেলাই হোক- সবখান থেকেই শেখার আছে। সেই দিন মুশফিককে যে পরিমাণ সমালোচনার বানে বিদ্ধ হতে হয়েছিল, আজকে সেই পরিমাণ প্রশংসায় ভাসাতে হবে তাকে। সত্যিই মুশফিক দারুণভাবে সবকিছু সামলে নিয়েছে।’

লিটন দাসের সঙ্গে দুর্দান্ত শুরু এনে দিয়ে তামিম ইকবাল যখন দলীয় ১০০ রানে সাজঘরে, তখনই ক্রিজে নামেন মুশফিক। বাংলাদেশের হাতে তখনও বাকি ১০.৩ ওভার। ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান একা হাতে তুলে নেন দায়িত্ব। মাত্র ৩৫ বল খেলেছেন, উপযুক্ত সঙ্গ পেয়েছেন সৌম্য সরকার ও মাহমুদউল্লাহর কাছ থেকে। অপরাজিত ছিলেন ৭২ রানে। আর এই ইনিংসকেই মুশফিকের সেরা টি-টোয়েন্টি ইনিংস হিসেবে দেখছেন তামিম, ‘সে অত চিন্তা করার সুযোগ পায়নি। তাই প্রথম বল থেকেই তাকে সামলাতে হয়েছে। ব্যাটটা সমানতালেই চালিয়েছে এবং শেষ করেছে। আমার মনে হয় এটাই তার ক্যারিয়ার সেরা টি-টোয়েন্টি ইনিংস।’

টি-টোয়েন্টিতে পাওয়ার হিটার নেই বাংলাদেশের। তাই বাংলাদেশি ঘরানার টি-টোয়েন্টি ক্রিকেটমন্ত্রেই উজ্জীবিত তামিম, ‘আমাদের হয়তো সেরকম মানের পাওয়ার হিটার নেই। কিন্তু আমরা পরিকল্পনা করতে পারি আর বাংলাদেশি ঘরানার টি-টোয়েন্টি ক্রিকেট উপহার দিতে পারি।’

বাংলাদেশের গেইল না থাকলেও আছে বেশ কিছু প্রতিভাবান ও বুদ্ধিদীপ্ত ক্রিকেটার। তাদের ভূমিকাই বড় করে দেখছেন তামিম, ‘আমরা হয়তো ইংল্যান্ড অথবা ওয়েস্ট ইন্ডিজকে অনুসরণ করতে পারবো না। কারণ, আমাদের ধোনির মতো কেউ নেই যে ৭ নম্বরে খেলবে। আবার ক্রিস গেইল নেই, যারা প্রথম বল থেকেই বোলারকে চেপে ধরবে। তবে আমাদের বুদ্ধিদীপ্ত ক্রিকেটার আছে, যারা ব্যতিক্রমী।’

প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তাই এই জয় দলকে উজ্জীবিত রাখবে বলেই মনে করেন তামিম, ‘এই ম্যাচ আমাদের সত্যিকার অর্থেই আত্মবিশ্বাস জোগাবে। এটা আমাদের সেরা একটি জয়। তবে আমি মনে করি আমরা এখনও কিছু জিতে যাইনি। তাই এটাই শেষ নয়, মাত্র শুরু। দল হিসেবে এখন এটাই আমাদের প্রয়োজন।’