কালো ব্যাগ দেখিয়ে আম্পায়ারদের সঙ্গে কথা বলছেন ব্যানক্রফট পাশে স্মিথ। ছবি- সুপারস্পোর্ট কেপ টাউনে বল টেম্পারিংয়ের ঘটনায় বিতর্ক চলছেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টের এমন ঘটনায় সমালোচনায় ভাসছেন অসি অধিনায়ক স্টিভেন স্মিথ। এমন কাণ্ড স্বীকার করে ঘটনায় নেপথ্যের কারণ বলতে গিয়ে স্মিথ জানিয়েছেন, খুব বেশি মরিয়া হওয়াতেই প্রতারণার পথে হেঁটেছে অস্ট্রেলিয়া দল!
অস্ট্রেলিয়া অধিনায়ক স্মিথ জানিয়েছেন, ‘না, আমি পদত্যাগের কোনও চিন্তা করছি না। আমি এখনও মনে করি এ পদের জন্য আমিই ঠিক আছি।’
তৃতীয় দিনে টিভিতে ধরা পড়ে এমন ঘটনা। তাতে দেখা যায় হলুদ সদৃশ বস্তু ব্যানক্রফটের হাতে। এরপর চলে বলের ওপর বিকৃতি ঘটানোর চেষ্টা। বিষয়টি যে গোপনীয় রাখা হচ্ছে তা আরও পরিষ্কার হয় যখন এই বস্তুটি তিনি ফেলে দেন নিজের পরিধান করা ট্রাউজারের ভেতর! আম্পায়ার নাইজেল লং ও রিচার্ড ইলিংওর্থ কথা বলেন ব্যানক্রফটের সঙ্গে। তখন অবশ্য আম্পায়ারদের বড় কালো ব্যাগ দেখান তিনি। কিন্তু ট্রাউজারের ভেতরে লুকানো সেই হলুদ সদৃশ বস্তুটির কথা মুখেও আনেননি।
হলুদ বস্তুটি এভাবেই ট্রাউজারের ভেতর ফেলে দেন ব্যানক্রফট। ছবি- সুপারস্পোর্টএমন ঘটনা সকলের সামনে চলে আসার পর স্মিথ জানালেন পুরো ঘটনা জানতো তার দল। দলের নেতৃত্বস্থানীয় যারা ছিল তারাও বিষয়টি নিয়ে বিব্রত বলে জানিয়েছেন স্মিথ, ‘নেতৃত্বস্থানীয় যারা ছিল তারা সবাই জানতো। যা হয়েছে তাতে আমি গর্বিত নই। এটা খেলার মর্যাদার সঙ্গে যায় না। আমার সততা মানে দলের সততা। তাই নেতৃত্বস্থানীয়রা এখন প্রশ্নের মুখে। যা হয়েছে এটা আর ভবিষ্যতে হবে না।’
চলছে ঘষা-মাজা। ছবি- সুপারস্পোর্ট।স্মিথ আরও যোগ করেন, ‘আশা করছি এখান থেকে আমরা অনেক কিছু শিখবো। আমি সত্যিই বিব্রত। এটা এমনই একটা বিষয় যেটা খেলার মাঝে দেখতে চাই না। আর এটা স্বভাবসিদ্ধ অস্ট্রেলিয়া ক্রিকেট দল নয়। দলের অধিনায়ক হিসেবে আমি দুঃখপ্রকাশ করছি। আজকে খেলাটিকে যেভাবে প্রশ্নবিদ্ধ করা হলো তাতে সত্যিই আমি দুঃখিত।’