স্মিথদের বিরুদ্ধে ‘শক্ত’ পদক্ষেপ নিতে বললেন অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী

স্টিভেন স্মিথের সঙ্গে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী টার্নবুলকেপ টাউন টেস্টে অস্ট্রেলিয়া দলের এমন প্রতারণায় নড়ে উঠেছে পুরো অস্ট্রেলিয়া। বল টেম্পারিংয়ের ঘটনায় ক্রীড়াঙ্গনের বাইরে সোচ্চার হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। স্মিথদের এমন কাণ্ড বিশ্বাসই করতে পারছেন না তিনি। এমন ভুলে কড়া পদক্ষেপ নিতে বলেছেন ক্রিকেট অস্ট্রেলিয়াকে!

দক্ষিণ আফ্রিকা থেকে এমন খবর ভেসে আসার পর অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী জানান, ‘ঘুম থেকে ওঠে দক্ষিণ আফ্রিকা থেকে এমন খবর পাওয়ার পর সত্যিই বিস্মিত হয়েছি। একই সঙ্গে হতাশও হয়েছি। আমি বিশ্বাসই করতে পারছি না অস্ট্রেলিয়া দল এমন প্রতারণার সঙ্গে যুক্ত।’

তিনি আরও জানান, অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা হচ্ছে আদর্শ। স্বচ্ছতাই হলো ক্রিকেটের অপরনাম- একথা উল্লেখ করে টার্নবুল আরও বলেছেন, ‘আমাদের ক্রিকেটাররা আদর্শ। এরা কীভাবে এমন প্রতারণার সঙ্গে সম্পৃক্ত হলো? সত্যিই বর্ণনাতীত।’

ক্রিকেট অস্ট্রেলিয়াকে এর বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে বলেছেন টার্নবুল, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। আমি আমার হতাশার কথা বলেছি। এমনকি দক্ষিণ আফ্রিকায় যা হচ্ছে এ নিয়েও নিজের উদ্বিগ্নতার খবর জানিয়েছি। তিনি আমাকে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়া শক্তপদক্ষেপ নেবে।’