ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন ইউল্যাব

চ্যাম্পিয়ন ইউল্যাব।আবারও ফেয়ার প্লে কাপের শিরোপা ঘরে ‍তুলেছে ইউল্যাব। বৃহস্পতিবার ইউল্যাব ফেয়ার প্লে কাপ আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ ইউনিভার্সিটিকে ৭ ইউকেটে হারিয়েছে ইউল্যাব।  একাদশতম আসরের ফাইনালে এ নিয়ে ৬ষ্ঠবারের মতো শিরোপা জিতলো তারা।

এদিন টসে জিতে বাংলাদেশ ইউনিভার্সিটিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ইউল্যাব। তারা ১৯.৫ বলে মাত্র ১১৮ রান সংগ্রহ করতে অলআউট হয়।  ইউল্যাবের পক্ষে আরিফুর রহমান ৪ ওভারে ২০ রান খরচ করে ৩ টি উইকেট নিয়েছেন। ম্যাচ সেরার পুরস্কারটিও পেয়েছেন তিনি।

১১৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ইউল্যাব ৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায়। দলের পক্ষে নোমান জেকো ৪১ বলে ৩৫ রান করেন এবং সাবিত হোসেন ১৮ বলে ৩২ রানের ইনিংস খেলেন।

ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় ক্রিকেট দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান, ইউল্যাব-এর কোষাধ্যক্ষ অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, ইউল্যাব এর রেজিস্ট্রার অধ্যাপক আখতার আহমেদ ও গাজী গ্রুপের মার্কেটিং প্রধান আল রাশেদ।

আগামী দিনে এই জাতিকে ভালো ক্রিকেটার উপহার দিতে ইউল্যাব আয়োজিত এই টুর্নামেন্টের ও ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসের ভূয়সী প্রশংসা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।  বাংলাদেশ দল আগামী দিনে বিশ্বচ্যাম্পিয়ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানের বিশেষ অতিথি সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার তার বক্তব্যে বলেছেন, ‘ইউল্যাবের এই টুর্নামেন্ট আয়োজনে অনেক নতুন ক্রিকেটার সৃষ্টি হচ্ছে। ’ আগামী দিনে এই ধরনের টুর্নামেন্ট চালু রাখার জন্য তিনি ইউল্যাব কর্তৃপক্ষকে আহবান জানান।  

এ বছর প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করে ১২টি বিশ্ববিদ্যালয়। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি এবং টুর্নামেন্টের আয়োজক স্বাগতিক ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অনুষ্ঠিত একমাত্র ক্রিকেট প্রতিযোগিতা হিসেবে ইউল্যাব ফেয়ার প্লে কাপ ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এ টুর্নামেন্টে সব রকম কারিগরি সহায়তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

পুরো প্রতিযোগিতায় ২০টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ১৫ মার্চ থেকে শুরু হয়ে ২৯ মার্চ ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি হয়। পুরস্কার হিসেবে এ বছরের বিজয়ী দল পাচ্ছে ৫০ হাজার টাকা এবং রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনালে অংশগ্রহণের সুবর্ণ সুযোগ। রানার্স আপ দল পাচ্ছে ৩০ হাজার টাকা।