ফাইনালে শিখবে সবাই ও ওয়ালটন ডিজি-টেক

ফাইনাল নিশ্চিত করেছে ওয়ালটন ও শিখবে সবাই।শিখবে সবাই-এর আয়োজনে প্রথমবারের মতো দেশের ১৬টি খ্যাতনামা আইটি প্রতিষ্ঠানকে নিয়ে আয়োজিত ক্রিটেক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে ওয়ালটন ও শিখবে সবাই। প্রতিযোগিতাটির অনলাইন পার্টনার ‘বাংলা ট্রিবিউন’।

মির টেলিকমকে ৭ উইকেটে হারিয়ে শিখবে সবাই এবং ওয়ালটন ডিজি-টেক ৬২ রানে স্মার্ট টেকনোলজিসকে পরাজিত করে ফাইনালের টিকিট কাটে। আগামী ১৩ এপ্রিল বিকাল তিনটায় ফাইনালে মুখোমুখি হবে দুই দল।

প্রথম সেমিফাইনালে আগে ব্যাটিং করা মির টেলিকম নির্ধারিত ১০ ওভারে চার উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে একা লড়াই করেন শাওন। তার ব্যাট থেকে আসে ৫৩ রানের ইনিংস। শিখবে সবাই এর পক্ষে রেজা সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন।

৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রেজা এবং ইয়াসিন বড় জুটির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। রেজা ১৫ এবং ইয়াসিন ১৭ রানে সাজঘরে ফিরে গেলেও জয়ের জন্য বেগ পেতে হয়নি শিখবে সবাইকে। তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শিখবে সবাই। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন কবির হোসেন।

দ্বিতীয় সেমিফাইনালে ওয়ালটন ডিজি-টেকের বিপক্ষে ৬২ রানে হার মানে স্মার্ট টেকনোলজিস। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওয়ালটন ডিজি-টেক সাত উইকেট হারিয়ে ১২০ রানের সংগ্রহ দাঁড় করায়। ওয়ালটনের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলেন সাজ্জাদ। এছাড়া সাহেল খেলেন ৩৯ রানের ইনিংস।

স্মার্ট টেকনোলজিস এর পারভেজ নেন ৪ উইকেট।

১২১ রানের লক্ষ্যে খেলতে নেমে ওয়ালটনের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দাঁড়াতেই পারেনি স্মার্টের ব্যাটসম্যানরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন পারভেজ।

ওয়ালটনের জনি নেন দুটি উইকেট। ম্যাচ সেরার পুরস্কার জেতেন ৪৫ রানের ইনিংস খেলা সাজ্জাদ।