আইপিএলে সাকিবের বিরল কীর্তি

সাকিবের উদযাপনের একটি মুহূর্তশনিবার সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। অথচ ম্যাচসেরা পুরস্কারের জন্যে বিবেচিত হননি। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। মুদ্রার এপিঠটা যখন এমন বিক্ষুব্ধ তখন উল্টো পিঠে রয়েছে অন্যরকম তৃপ্তি।

সাকিবের মতো এমন পারফরম্যান্স আইপিএলে খুবই বিরল। ২১ বলে সাকিব করেছেন ২৭ রান। বল হাতে ৪ ওভারে নিয়েছেন দুই উইকেট। একই সঙ্গে দুটি দুর্দান্ত ক্যাচ! আর এমন নৈপুণ্য সাকিবের আগে আইপিএলে রয়েছে মাত্র ৬বার! এমনকি সানরাইজার্সের হয়ে সাকিবই প্রথম এই কীর্তি গড়লেন! 

২০০৮ সালে শুরু হওয়া আইপিএলে সাকিব সপ্তম ক্রিকেটার হিসেবে এমনটি করে দেখালেন। যাদের কীর্তির তালিকায় রয়েছে ২৫ প্লাস রান, দুটি উইকেট ও দুটি ক্যাচ। সাকিব ছাড়া তালিকার বাকিরা হলেন- সৌরভ গাঙ্গুলী, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, জেপি দুমিনি, আন্দ্রে রাসেল ও বেন স্টোকস।

শনিবার সাকিবের এমন কীর্তিতেই কলকাতাকে ৫ উইকেটে হারিয়ে এবারের আসরে শতভাগ সাফল্য ধরে রেখেছে হায়দরাবাদ। এ নিয়ে তিন ম্যাচের তিনটিই জিতেছে তারা। আগে ব্যাট করে ৮ উইকেটে ১৩৮ রান করে কলকাতা। জবাবে ১৯ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান করে হায়দরাবাদ।