অস্ট্রেলিয়ার পুরো দলীয় সংস্কৃতি এখন সংস্কারের মুখে। নতুন আচরণবিধি হয়তো তৈরি হবে শিগগির। এরমাঝে অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে হতে যাওয়া টেস্ট সিরিজে নতুন অস্ট্রেলিয়া দলকে সবার সামনে নিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন অজি অধিনায়ক। যেখানে আগ্রাসী মেজাজের সেই পুরনো অস্ট্রেলিয়াকে হয়তো দেখা যাবে না এবার, ‘না, আমার মনে হয় না এটা থাকবে। থাকলেও সেভাবে হয়তো না।’
মাঠের ২২ গজে এতদিন কথার ঝাঁজালো লড়াই দেখা যেতো অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজগুলোতে। নতুন অধিনায়ক মনে করেন বল টেম্পারিং ইস্যুতে বিতর্কিত ইস্যুতে হারিয়ে যাওয়া ভাবমূর্তি ও ভক্তদের বিশ্বাস ফিরিয়ে আনার পুরো চেষ্টা করবেন, ‘আমরা যেই মেজাজে খেলে থাকি এ নিয়ে অনেক আলোচনাই হয়েছে। যার পরিবর্তন প্রয়োজন। তাই আমি সেই ভূমিকা পালন করতে মুখিয়ে আছি। ভক্তদের বিশ্বাস ও শ্রদ্ধা পুনরায় ফিরে পেতে সামনে তাকিয়ে আছি।এটাই আমাদের প্রধান চেষ্টা। আর আমাদের দলের কাছে এটাই এখন সবচেয়ে বেশি রোমাঞ্চকর।’
আগ্রাসী মেজাজের অস্ট্রেলিয়াকে যে সামনে পাওয়া যাচ্ছে না। তা অস্ট্রেলিয়ার নতুন টেস্ট অধিনায়কের কথাতেই স্পষ্ট। নতুন টেস্ট সিরিজ হতে এখনও বাকি ৬ মাস। পেইন মনে করছেন, অতীতে সতীর্থরা নিজেদের আবেগ নিয়ন্ত্রণে ব্যর্থ ছিল। তবে প্রতিপক্ষকে আরও শ্রদ্ধার জায়গা থেকে চাপে ফেলা সম্ভব বলেই মনে করেন টিম পেইন, ‘আমরা হয়তো নতুন কোচ পাবো। আর কিছু সময়ও পাবো যেখানে ছেলেরা কোন ধারায় খেলবে এ নিয়ে চিন্তা করার সুযোগ থাকবে। তবে এটা নিশ্চিতভাবেই মনে রাখা উচিত আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হলে নিজেকে আরও পেশাদার করে গড়ে তুলতে হবে। প্রতিপক্ষকে চাপে ফেলতে নতুন পন্থাই বেছে নিতে হবে।’