মূল দলের বিপক্ষে একে একে চারটি ম্যাচ খেলেছে সফকারী বাংলাদেশ। যার সবকটিতেই হেরেছে বড় ব্যবধানে। আগের ম্যাচে সিরিজ খুইয়ে, চতুর্থ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু হারের বৃত্তটা এই ম্যাচেও ভাঙতে পারেনি। স্বাগতিকরা চতুর্থ ওয়ানডেতে বাংলাদেশকে ১৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে ৫ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেছে।
টস জিতে আগে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৭০ রানের পাহাড় দাঁড় করায়। ওপেনিং জুটিতে শক্ত অবস্থানে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ওপেনার লিজেল লির ৭০ রানের ইনিংস প্রোটিয়াদের ইনিংসকে এগিয়ে নিয়ে যায়। মিডল অর্ডারে লেসলেইউ টিওউনের ৬০ রানের ঝড়ো ইনিংসে দক্ষিণ আফ্রিকা ২৭০ রান পার করে। টিওউন ৪২ বলে ৬ চার ও ২ ছক্কায় তার ৬০ রানের ইনিংসটি সাজিয়েছেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে জাহানারা আলম ও নাহিদা আক্তার দুটি করে উইকেট নেন। এর বাইরে পান্নাঘোষ ও রুমানা আহমেদ নিয়েছেন একটি করে উইকেট।
প্রোটিয়া মেয়েদের দেওয়া ২৭১ রানের পাহাড় টপকাতে গিয়ে ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং। দলীয় স্কোর ডাবল ফিগারে পৌঁছার আগে ফিরে যান ওপেনার সানজিদা ইসলাম। ৪২ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশেকে কিছুটা সম্মানজনক জায়গাতে নেওয়ার চেষ্টা করেছেন শামিমা সুলতানা ও সালমা খাতুন। জুটি গড়েন ২৪ রানের। কিন্তু ১৪ বলে সালমার ৪ রানে বিদায়ের পর গুটিয়ে যেতে সময় নেয়নি বাংলাদেশ। মাত্র ১০ রানে অতিথিরা হারায় শেষ পাঁচ উইকেট। বাংলাদেশ ৩২.২ ওভারে গুটিয়ে যায় ৭৬ রানে।