ক্যারিবীয় পেসারদের তোপে বিপদে শ্রীলঙ্কা

মেন্ডিসের অফ স্টাম্প উড়িয়ে দেন গ্যাব্রিয়েলদিবা-রাত্রির তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে অল্পতে গুটিয়ে যাওয়ার শঙ্কা পেয়ে বসেছিল ওয়েস্ট ইন্ডিজকে। ডাওরিচ-হোল্ডারের দৃঢ়তায় মান বেঁচেছে ক্যারিবীয়দের। বোলিং নেমেও স্বস্তিতে রয়েছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ২০৪ রানে গুটিয়ে যাওয়ার পর দলীয় ৯৯ রানে শ্রীলঙ্কার ৫ উইকেট তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। লঙ্কানরা এখনও পিছিয়ে ১০৫ রানে।

ক্যারিবীয়দের ইনিংসে দেয়াল হয়ে ছিলেন ডাওরিচ আর হোল্ডার। দুই জনের জুটিবদ্ধ ইনিংসে ২০০ রানের মঞ্চটা তৈরি হয়। হোল্ডার বিদায় নেন সর্বোচ্চ ৭৪ রানে আর ডরউইচ ৭১ রানে। এই দুই ব্যাটসম্যানের বিদায়ের পর খুব বেশি দূর এগোয়নি ক্যারিবীয়রা, গুটিয়ে যায় ২০৪ রানে।

জবাবে শ্রীলঙ্কা শুরু থেকে ক্যারিবীয় গতি আগ্রাসনের শিকার হয়। ১৬ রানে বিদায় নেন দুই ওপেনার। দুজনকেই সাজঘরে ফেরান কেমার রোচ। মাঝে গুনাথিলাকা ও কুসল মেন্ডিস জুটি গড়ার চেষ্টায় ছিলেন। তাদের প্রতিরোধের দেয়াল ভাঙেন জেসন হোল্ডার ও শ্যানন গ্যাব্রিয়েল। গ্যাব্রিয়েলের বলে থিতু হতে পারেননি ধনঞ্জয় ডি সিলভাও। দ্বিতীয় দিন শেষে ক্রিজে আছেন রোশেন সিলভা (৩) ও  নিরোশান দিকবেলা (১৩)।