ভক্তকে ‘হুমকি’ দিয়ে আবার আলোচনায় সাব্বির

সাব্বির রহমানগত বছর এক ভক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করে শাস্তির মুখোমুখি হতে হয়েছিল সাব্বির রহমানকে। শাস্তির মেয়াদ শেষ না হতে আবারও বিতর্কে জড়িয়েছেন এই অলরাউন্ডার। এবার সশরীরে নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভক্তকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে অশালীন আচরণেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ঘটনার সূত্রপাত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডের পর। গায়ানার ম্যাচটি বাংলাদেশ হেরে যাওয়ার পর সমালোচনার মুখে পড়েন সাব্বির। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এ নিয়ে বিতণ্ডায় জড়িয়ে শেষ পর্যন্ত হুমকি দিয়ে বসেন একজনকে। তার এমন আগ্রাসী আচরণের অভিযোগ পৌঁছেছে বিসিবিতেও। জবাবে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী জানিয়েছেন তদন্তের কথা, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আচরণ বিধি ভঙ্গের সম্ভাব্য প্রমাণ মিললে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একজন খেলোয়াড় হিসেবে ভক্তদের সঙ্গে কীভাবে কথা বলতে হবে তার গাইড লাইন দেওয়া আছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগের ব্যাপারেও তাদের সতর্ক থাকতে বলা হয়েছে।’    

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাব্বির রহমানের এমন আপত্তিকর আচরণ ভেসে বেড়াচ্ছে ইন্টারনেট দুনিয়ায়। এ প্রসঙ্গে বিসিবি প্রধান নির্বাহীর মন্তব্য, ‘জনসম্মুখে বিষয়টি চলে আসার পর বোর্ডের কাছেও বিষয়টি গুরুত্বের সঙ্গে এসেছে। যদি তেমন আচরণ ভিধি ভঙ্গের অভিযোগ পাওয়া যায় তাহলে শৃঙ্খলা কমিটি তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে।’

সাব্বির যাকে হুমকি দিয়েছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ অধ্যায়নরত একজন শিক্ষার্থী। নাম প্রকাশ না করার শর্তে তিনি বিস্ময়ের সঙ্গে জানিয়েছেন সেই ঘটনার কথা, ‘আমি হতবাক। শুধু পোস্টে আমার অনুভূতি জানিয়েছি। বিষয়টা আমি গুরুত্বের সঙ্গে নিতাম না কিন্তু যখন শারীরিকভাবে হামলার হুমকি দেওয়া হলো তখন আমি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি এবং বিষয়টা শেয়ার করি।’

Shabbir Rahaman Roman নামের পেজটি ঘটনার পর পরই ডিঅ্যাক্টিভেটেড হয়ে আছে। যেটা সাব্বির রহমানের ব্যক্তিগত অ্যাকাউন্ট। তাতে ফলোয়ারের সংখ্যা ৯০ হাজার।–ক্রিকবাজ।