বাংলাদেশ ও শ্রীলঙ্কা সাফের দুই গ্রুপে অবস্থান করছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান, ভুটান ও নেপাল। ‘বি’ গ্রুপে ভারতের সঙ্গী শ্রীলঙ্কা ও মালদ্বীপ। প্রতিযোগিতা শুরুর আগে নিজেদের অবস্থানটা আরো ঝালাই করতেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলতে যাচ্ছে জেমি ডের দল।
সদ্যই এশিয়ান গেমস খেলে এসেছে বাংলাদেশ দল। সেখানে প্রথমবারের মতো নক আউট পর্বে খেলেছেন সাদ-সুফিলরা। অনূর্ধ্ব-২৩ দলে ছিলেন মাত্র তিনজন সিনিয়র খেলোয়াড়। এছাড়া মামুনুল-নাসিরউদ্দীনরা ইন্দোনেশিয়াতে দলের সঙ্গে থাকলেও খেলার সুযোগ পাননি। মূলত নীলফামারীর ম্যাচে ইংলিশ কোচ সবাইকে পরখ করতে চাইছেন। বিশেষ করে যারা এশিয়াডে খেলার সুযোগ পাননি তাদেরকে দেখেই ঢাকায় অনুষ্ঠেয় সাফের আসরে দল চূড়ান্ত করবেন।
শ্রীলঙ্কা আগে-ভাগে ঢাকায় আসলেও অন্য দলগুলো আসবে ২ সেপ্টেম্বর থেকে। ভুটান ও নেপাল আসবে ২ সেপ্টেম্বর। পরের দিন আসবে ভারত ও মালদ্বীপ। পাকিস্তান দল কবে আসবে তা এখনো জানা যায়নি। ভিসাপ্রাপ্তির ওপর তাদের আসার সময়ক্ষণ চূড়ান্ত হবে।