শ্রীলঙ্কার বিপক্ষে গোল চাইছেন রনি

শাখাওয়াত রনি সবার ডানে। ছবি-ফেসবুক থেকে নেওয়া। নীলফামারী শহরে এখন সাজ সাজ রব। প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হতে যাচ্ছে এখানে। তাই শেখ কামাল স্টেডিয়াম এখন নতুন সাজে সজ্জিত। ফিফা প্রীতি ম্যাচে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ আজ  শ্রীলঙ্কা। স্বাগতিকদের কোচ জেমি ডে এই ম্যাচে মূলত সিনিয়র খেলোয়াড়দের পরখ করতে চাইছেন। আর কোচের দৃষ্টি কাড়তে প্রস্তুত শাখাওয়াত রনিসহ অন্যরা।

আজকের ম্যাচের পারফরম্যান্স দেখে ইংলিশ কোচ সাফের দল চূড়ান্ত করবেন। এমনিতেই তার গুড বুকে এশিয়াডের একাদশের খেলোয়াড়রা আছেন। এখন বাকিদের দেখার অপেক্ষা। আর শ্রীলঙ্কা ম্যাচে নিজেদের নতুন করে উজার করে দিতে চাইছেন সিনিয়র খেলোয়াড়রা।

এই যেমন অভিজ্ঞ ফরোয়ার্ড শাখাওয়াত রনি জাতীয় দলের হয়ে ১০টি গোল করেছেন। ২৫ টির বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা তার। এবার তৃতীয় সাফ খেলার অপেক্ষায়। তার আগে লঙ্কানদের বিপক্ষে পরীক্ষায় পাস করতে চাইছেন। বাংলা ট্রিবিউনকে এই ফুটবলার সেই লক্ষ্যের কথা জানিয়ে বলেছেন, ‘এশিয়াডে তরুণরা ভালো খেলেছে। এখন আমাদের পরীক্ষা। শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলেই সাফের দলে জায়গা করে নিতে চাই। প্রীতি ম্যাচে গোল পেলে ভালো লাগবে। তাহলে সাফের দলে ঢোকা অন্তত কিছুটা সহজ হবে। যদিও জানি। মূল দলে ঢোকা কঠিন। তারপরেও সাফ তো ভিন্ন আসর। আশা ছাড়ছি না।’

বাংলাদেশের ইংলিশ কোচ জেমি ডেও চাইছেন এই ম্যাচ দিয়ে ২০ সদস্যের দল চূড়ান্ত করতে। তার কথা, ‘এশিয়াডে অলিম্পিক দল ভালো খেলেছে। এখন শ্রীলঙ্কার বিপক্ষে সিনিয়রসহ অন্যদের পরখ করার অপেক্ষায়। সাফ অনেক কঠিন প্রতিযোগিতা। ফিফা র‌্যাংকিংয়ে আমরা ভালো অবস্থানে নেই। সাফে ভালো করার জন্যই সেরাটা দিতে হবে।’