আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ লগ্নে প্রায় ব্রাত্য হয়ে আছেন মোহাম্মদ হাফিজ। জিম্বাবুয়ের বিপক্ষে দলে ছিলেন ঠিকই। দ্বিপক্ষীয় সেই সিরিজে খেলার সুযোগ হয়নি ৩৭ বছর বয়সী তারকার।
শান মাসুদ ১২টি টেস্ট খেললেও সীমিত ওভারে খেলার সুযোগ হয়নি। টেস্ট পেশালিস্ট হিসেবে বিবেচিত এই ব্যাটসম্যানের দলে ঢোকার পেছনে কাজে দিয়েছে ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত ফর্ম। তিনটি সেঞ্চুরির পাশাপাশি পাঁচটি হাফসেঞ্চুরি রয়েছে ঘরোয়া ক্রিকেটে।
মহাদেশীয় টুর্নামেন্ট হওয়ায় শক্তিশালী পেস আক্রমণে ঝুঁকেছে পাকিস্তান। দলে রয়েছেন ৬ পেসার- ফাহিম আশরাফ, হাসান আলী, উসমান খান, মোহাম্মদ আমির, শাহীন আফ্রিদি ও জুনায়েদ খান। জিম্বাবুয়ে সিরিজে ইয়াসির শাহের অন্তর্ভুক্তি বিস্ময়ের জন্ম দিলেও আসন্ন টুর্নামেন্টে আর ডাক পাননি। তবে ৬ ফুট ৬ ইঞ্চি লম্বা শাহীন আফ্রিদিকে রাখা হয়েছে চমক হিসেবে। এ বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটি শিকারি ছিলেন। খেলেছেন গত আসরের বিপিএলে। টি-টোয়েন্টিতে অভিষেক হলেও ওয়ানডেতে এখনও অভিষেক হয়নি তার।
এশিয়া কাপে পাকিস্তান খেলবে গ্রুপ ‘এ’ তে। একই গ্রুপে রয়েছে ভারত ও বাছাই পার করে আসা দল। দুবাইয়ে তারা প্রথম ম্যাচে বাছাই পার করে আসা দলের মুখোমুখি হবে ১৬ সেপ্টেম্বর।
স্কোয়াড: ফখর জামান, ইমাম উল হক, শান মাসুদ, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলী, হারিস সোহেল, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলী, মোহাম্মদ আমির, জুনায়েদ খান, উসমান শিনওয়ারি ও শাহীন আফ্রিদি।