তিন ম্যাচ নিষিদ্ধ এমবাপে

লাল কার্ড দেখেন কিলিয়ান এমবাপে।আন্তর্জাতিক ক্যারিয়ারে বেশ খানিকটা সময় পার করে ফেলেছেন কিলিয়ান এমবাপে। তবে এই সময়ে লাল কার্ড দেখার মতো কাণ্ড করেননি। গত শনিবার লিগ ওয়ানে মেজাজ হারিয়ে অনাকাঙ্ক্ষিত সেই ঘটনা ঘটিয়ে ফেলেছেন ফরাসি ফরোয়ার্ড। নিমের বিপক্ষে ৪-২ গোলে জয়ের দিনে লাল কার্ড দেখায় নিষিদ্ধ হয়েছেন তিন ম্যাচ।

ম্যাচটির প্রথমার্ধেই একবার হলুদ কার্ড দেখেন এমবাপে। শেষ দিকে নিমের খেলোয়াড় তেজি সাভানিয়ের সঙ্গে সংঘর্ষে জড়ালে নিয়ম অনুযায়ী দ্বিতীয় হলুদ কার্ডের পর সরাসরি লাল দেখেন কার্ড। ম্যাচের শেষ দিকের এই ঘটনায় সাভানিয়েকেও দেখানো হয় লাল কার্ড।

ফ্রেঞ্চ লিগের ডিসিপ্লিনারি কমিটি নিজেদের রায় জানায় বুধবার। তারা জানিয়েছে ১৯ বছর বয়সী এমবাপে লিগ ওয়ানে তিনটি ম্যাচ খেলতে পারবে না। একই কাণ্ডে সাভানিয়ে নিষিদ্ধ থাকবেন ৫ ম্যাচ।

ক্যারিয়ারে প্রথমবার এমনটি ঘটায় এমবাপে ক্ষমা চেয়েছেন ভক্তদের কাছে। সফররত পিএসজি ভক্তদের কাছে এই ঘটনায় ক্ষমা চাইলেও কৃতকর্মের জন্য মোটেও অনুতপ্ত নন তিনি। জানিয়েছেন এমন ঘটলে একই কাণ্ড আবার করবেন ফরাসি ফরোয়ার্ড! বোঝাই যাচ্ছে সাভানিয়ে মাত্রা ছাড়িয়ে গিয়েছিলেন। তাই এমবাপে জানিয়েছেন এমন ঘটনায় ছাড় দেবেন না একবিন্দু।