কাগজে কলমে উয়েফার উদ্দেশ্য ছিল প্রীতি ম্যাচের বাড়তি চাপ থেকে মুক্তি। সেই চাপ মুক্তির মিশনে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স আশানুরূপ কিছু করে দেখাতে পারেনি। গ্রুপ পর্বে বিধ্বস্ত ব্রাজিল বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানিও ছিল নিষ্প্রভ। কিলিয়ান এমবাপে, আন্তোয়ান গ্রিয়েজমান, থোমাস ম্যুলার ও টোনি ক্রসরা একে অপরের মুখোমুখি হয়েছিলেন আলিয়াঞ্জ অ্যারেনায়। তাতে গোল খরা সঙ্গী ছিল দুই দলের। অথচ মাঠে খেলোয়াড়দের হাস্যরস উপস্থিতি নেশন্স লিগের প্রতিযোগিতামূলক ঝাঁজ নিয়েই প্রশ্ন তুলেছে।
তবে নিরস ম্যাচটি উত্তাপ ছড়ায়নি সেটাও বলা দুষ্কর। প্রথমার্ধের দুর্বল প্রদর্শনের পর মার্কো রয়েস ও মাথিয়াস গিনটার দুজন চেষ্টা করেছিলেন ফরাসি রক্ষণ ভাঙতে। তাদের রুখে দেন অভিষিক্ত গোলকিপার আলফোন্স আরেয়োলা। ফরাসি তারকা ফরোয়ার্ড আন্তোয়ান গ্রিয়েজমানও চেষ্টা করেছিলেন জার্মান জাল কাঁপাতে। দুর্দান্ত সেভে তা রক্ষা করেন মানুয়েল নয়্যার।
রবিবার দ্বিতীয় গ্রুপ ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে নেদারল্যান্ডস।
এই বছর শুরু হওয়া নেশন্স লিগে খেলবে মোট ৫৫টি দল। তাদের ভাগ করা হয়েছে চারটি বিভাগে। যাদের বলা হচ্ছে লিগ। যেমন ‘এ’ ও ‘বি’ লিগে দল ১২টি। যাদের অবস্থান র্যাংকিং বিবেচনায়। ‘সি’ লিগে আবার দল ১৫টি, ডি লিগে ১৬টি দল। আবার প্রত্যেক লিগকে আরও চারটি সাব গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি নির্দিষ্ট গ্রুপের খেলা আবার হোম ও অ্যাওয়ে ভিত্তিতে হবে।