ফ্রান্সকে জেতালেন এমবাপে-জিরু

এমবাপের গোলের পর ফরাসিদের উদযাপন।উয়েফা নেশন্স লিগের শুরুটা উড়ন্ত ছিল না ফ্রান্সের। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির সঙ্গে গোলশূন্য ড্র করেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। লিগ এ-তে গ্রুপ-১ এর অপর ম্যাচে জয়ের দেখা পেয়েছে ফরাসিরা। নেদারল্যান্ডসকে তারা হারিয়েছে ২-১ গোলে।

ফ্রান্সের এই ম্যাচটি হয়েছে ঘরের মাঠে। তাই প্যারিসের ঘরোয়া পরিবেশটা ছিল আমেজপূর্ণ। এমন পরিবেশের পুরো সুযোগটা নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। আগের ম্যাচের হুবহু একাদশ নির্বাচন করেছিলেন কোচ দিদিয়ের দেশম।

দ্বিতীয় গোল করেন জিরু।স্বাগতিক হওয়ায় গোল পেতেও বেশি সময় নেয়নি ফ্রান্স। ১৪ মিনিটে দলকে লিড এনে দেন বিশ্বকাপে ৪ গোল করা কিলিয়ান এমবাপে। প্রথমার্ধের বাকি সময় আক্রমণের বিপরীতে রক্ষণ অক্ষুণ্ন ছিল ফরাসিদের। তবে দ্বিতীয়ার্ধে তাদের রক্ষণে ত্রাস ছড়ান রায়ান বেবেল। রাশিয়া বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা ডাচরা সমতায় ফেরে ৬৭ মিনিটে।

বিশ্ব চ্যাম্পিয়ন বলেই ডাচ আক্রমণে খেই হারায়নি ফ্রান্স। প্রতিপক্ষের সেই সমতা উৎসব স্থায়ী হতে দেয়নি তারা। আক্রমণ শাণিয়ে ৭৪ মিনিটে স্কোর লাইন ২-১ করেন অলিভিয়ের জিরু।

শনিবার পরের ম্যাচে জার্মানিকে আতিথ্য দেবে নেদারল্যান্ডস। এরপর ১৬ অক্টোবর ফ্রান্সে উড়ে যাবে জার্মানি।