চট্টগ্রামে রান রেট বিবেচনায় ছিলো বলে শুরুতে টস হেরে ফিল্ডিং নেয় বাংলাদেশ। বোলাররাও ছিলো বেশ সফল। হংকংকে গুটিয়ে দিয়েছে মাত্র ৯১ রানে। তবে বাংলাদেশের বোলিংয়ের বিপরীতে তাদের স্লথ গতির ব্যাটিং গড়িয়েছে ৪৬.৫ ওভার পর্যন্ত। রিশাদ হোসেন ৭.৫ ওভারে ১১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে নিয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী ও রাকিবুল হাসান।
জবাবে বাংলাদেশ দ্রুত গতিতে ব্যাট হাতে জবাব দিয়েছে ঠিকই। একই সঙ্গে সমান তালে উইকেট বিলিয়েছেন ব্যাটসম্যানরা। আতঙ্ক ছড়ানো সময়টায় ৩০ রানে হারিয়ে বসেছিলো ৪ উইকেট! পরে আকবর আলী ও মাহমুদুল হাসান জয় মিলেই বিপদ সামাল দেন বাংলাদেশের।
আকবর আলী ২৫ রানে ফিরে গেছেন তবে জয় তুলে মাঠ ছেড়েছেন মাহমুদুল হাসান জয়। অপরাজিত থাকেন ৩২ রানে। তার ২০ বলের দ্রুত গতির ইনিংসে ছিলো ৪টি চার ও একটি ছয়। বাংলাদেশ শেষ পর্যন্ত ১১.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।
শুরুতে শ্রীলঙ্কার কাছে হেরে শুরু করায় টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচ জেতারও বিকল্প ছিলো না বাংলাদেশের। ২ ম্যাচ শেষে শ্রীলঙ্কা ৪ পয়েন্ট নিয়ে সবার উপরে। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। পাকিস্তান ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। তবে তাদের রান রেট বাংলাদেশের চেয়ে বেশি। তাই পাকিস্তান আজকে জিতলেই সেমিফাইনালে চলে যাবে। একই সঙ্গে যাবে শ্রীলঙ্কা।