হুমকির মুখে ভারতীয় ক্রিকেট?

সৌরভ গাঙ্গুলী।হ্যাশট্যাগ মিটুর প্রভাবে হুমকির মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট! বিসিসিআই-এর প্রধান নির্বাহী রাহুল জোহরির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আসায় বোর্ডের ভাবমূর্তি নিয়ে উদ্বিগ্ন সাবেক অধিনায়ক ও পশ্চিম বঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রধান সৌরভ গাঙ্গুলী। লিখিত পত্রে সাম্প্রতিক ঘটনায় ভারতীয় ক্রিকেট হুমকির মুখে বলে ক্ষোভ জানিয়েছেন তিনি।

লিখিতভাবে গাঙ্গুলী জানান, ‘ভারতীয় ক্রিকেট এখন হুমকির মুখে। এই পরিস্থিতি উতরে যেতে দ্রুত ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’

বর্তমান পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাবমূর্তি নিয়ে তার উদ্বিগ্ন হওয়ার বিষয়টি বোঝা যায় বিসিসিআইকে লেখা পত্র থেকে। তার মতে, ‘ভারতীয় ক্রিকেট-যার অনুগামী অনেক, তার ভাবমূর্তি তৈরি করতে প্রশাসক ও ক্রিকেটারদের বছরের পর বছর লেগেছে। কিন্তু এই মুহূর্তে বোর্ডের ভাবমূর্তি হুমকির মুখে।’

রাহুল জোহরির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আসায় শক্ত পদক্ষেপ নেয়নি বিসিসিআই। এর প্রশাসক কমিটি বরং সন্ধিগ্ধ অবস্থানে থেকে এর সমাধান করছে বলে অভিযোগ গাঙ্গুলীর, ‘আমি খুব উদ্বিগ্ন হয়েই বলছি যেভাবে গত কয়েকটি বছর গেছে, তাতে ভারতীয় ক্রিকেটের কর্তৃপক্ষরা দ্রুতগতিতে নিচে নেমে গেছে। আমি জানি না অভিযোগগুলো কতটুকু সত্য। তবে সাম্প্রতিক রিপোর্টগুলো বিসিসিআইকে বাজে ভাবে উপস্থাপন করছে। আরও বাজে বিষয় হলো পরিস্থিতিটা যেভাবে সামলানো হয়েছে। যেই ক্রিকেট প্রশাসক কমিটি আগে চার জনে ছিলো এখন তা দুজনের কমিটিতে পরিণত। অথচ সেই কমিটি এখন দুইভাগে বিভক্ত।’ এই অবস্থায় গাঙ্গুলীর প্রশ্ন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধানটা আসলে কে?