চতুর্থ দিন জিম্বাবুয়েকে ফলো অন না করিয়ে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। এমন সিদ্ধান্তের চেয়েও চমক জাগানিয়া হয়ে এসেছে টপ অর্ডারের ব্যর্থতা। বাংলাদেশ ৩৭ রান তুলতেই হারিয়েছে ৪ উইকেট। বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২৫৮ রান।
দুই ওপেনার ফিরে গেছেন কাইল জার্ভিসের দিনের পঞ্চম ওভারে। আগের ইনিংসে বিশাল সংগ্রহের ভিত গড়ে দেওয়া মুমিনুল-মুশফিকুও ছিলেন একই দোষে দোষী।
জার্ভিসের ওভারে অযথা বাইরের বল কাট করতে গিয়ে ক্যাচ তুলে দেন ইমরুল। ইনিংস লম্বা করার বদলে অস্থিরতার খেসারত দিতে হয়েছে তাকে। বল থেকে দূরে থাকার পরেও শট খেলতে গিয়ে ফিরে গেছেন ৩ রানে। এক বল বিরতি দিয়ে জার্ভিসের বলে ভেতরে ঢুকে পড়া বলে বোল্ড হয়ে ফিরে যান লিটন দাস। বিদায় নেন ৬ রানে।
একই পদাঙ্ক অনুসরণ করেন মুমিনুল হকও। আগের ইনিংসে ১৬১ রান করা মুমিনুল। তিরিপানোর বাইরের বলটাকে অযথা খেলতে গিয়ে ক্যাচ দিয়ে দেন চাকাভাকে। ফিরে যান রানের খাতা খোলবার আগেই।
ডাবল সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিমও একই ভুল করেছেন সকাল বেলাতেই। টেস্টে ধৈর্য্য ধারণ করার বদলে শট খেলতে গিয়ে বিদায় নেন দ্রুত। তিরিপানোর শর্ট লেন্থের বাইরের বল টেনে পুল করতে গিয়ে বিপদ ডেকে আনেন দ্রুত। ডিপ স্কয়ার লেগে ধরা পড়েন মাভুতার হাতে। আগের ইনিংসে ডাবল সেঞ্চুরিতে রেকর্ড করা মুশফিক ১৯ বল খেলে ফিরে যান ৭ রান করে।
আগের দিন জিম্বাবুয়েকে দিনের শেষে গুটিয়ে দেয় বাংলাদেশ। তাদের প্রথম ইনিংস শেষ হয় ৩০৪ রানে। ৫২২ রানে প্রথম ইনিংস ঘোষণা করা বাংলাদেশ পায় ২১৮ রানের লিড।