নতুন দায়িত্ব পাওয়ার পর এসিসির কাজগুলোকে আরও সচল রাখতে উদ্যোগী হওয়ার কথা জানালেন নাজমুল হাসান পাপন। তবে একই সঙ্গে স্মরণ করিয়ে দিলেন এসিসির সীমাবদ্ধতার কথা, ‘এসিসি সঠিক পথেই এগুচ্ছে। এখানে আহামরি কিছু করার নেই, যে কয়েকটা সিদ্ধান্ত নেওয়ার ছিল সেগুলো আমরা সবাই এক সঙ্গে মিলে নিয়েছি। আমাদের অনেকগুলো টুর্নামেন্ট আছে, তবে এই মুহূর্তে আমরা ভাবছি প্রতি বছর এশিয়া কাপ আয়োজন করা যায় কিনা!’
এশিয়া কাপের বাইরে আরও কিছু উদ্যোগের কথা জানালেন বিসিবি ও এসিসি সভাপতি, ‘এর বাইরে আমরা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ আয়োজন করছি। ইমারজিং কাপ করা হচ্ছে। সবকিছুই করা হচ্ছে এশিয়ার ক্রিকেটকে এগিয়ে নিতেই।’
খুব বেশি কিছু করার না থাকলেও নিজের কাজের পরিধি নিয়ে বেশ স্পষ্ট এসিসি প্রধান, ‘আমার মূল কাজটা হচ্ছে এসিসিকে সঠিক পথে রাখা। এটাই প্রথম দায়িত্ব, তবে প্রত্যাশা সব জায়গায় বেশি। এমন প্রত্যাশার একটাই কারণ হতে পারে, বাংলাদেশ দলের পারফরম্যান্স। আমরা এই মুহূর্তে অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড, দুই জায়গাতেই ভালো অবস্থানে আছি।’