দ্বিতীয় টেস্টের দলে লিটন

লিটন কুমার দাসবুধবার মুশফিকুর রহিমের ডানহাতের বৃদ্ধাঙ্গুলির চোটটা সুখবর হয়ে এসেছে লিটন দাসের! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ও দ্বিতীয় টেস্টের দলে ডাক পেয়েছেন এই ওপেনার। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার সকালেই নির্বাচকদের ডাকে বগুড়া থেকে ঢাকায় পৌঁছান লিটন। বিসিএলে খেলতে থাকলেও তাকে আচমকা জাতীয় দলের প্রয়োজনেই ডেকেছেন নির্বাচকরা। বুুধবার মুশফিকুর রহিম ডানহাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পাওয়ায় তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিতে থাকে। তবে বিসিবি বলছে মুশফিকের চোট গুরুতর নয়। এই অবস্থায় মুশফিকের ঘাড়ে উইকেট কিপিংয়ের বাড়তি দায়িত্বটা দিতে চায় না ম্যানেজমেন্ট। এই ভাবনা থেকেই মুশফিকের বিকল্প হিসেবে উইকেটের পেছনে থাকতে পারেন লিটন।

সেই সম্ভাবনার কথা জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও, ‘মুশফিকের বিকল্প হিসেবে ভাবা হচ্ছে লিটন দাসকে। কারণ মিঠুনের কিপিং সামর্থ্যের ওপর টিম ম্যানেজমেন্টের আস্থা একটু কম।’ তবে সব কিছুই নির্ভর করছে মুশফিকের চোটের সবশেষ অবস্থার ওপর। 

এর আগে ওপেনার ইমরুল কায়েসকে বাদ রেখেই দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করে বিসিবি। কাঁধের ইনজুরিতে তাকে দ্বিতীয় টেস্টে রাখা হয়নি। লিটন চলে আসায় স্কোয়াড দাঁড়ালো ফের ১৪ জনে! জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে থাকলেও ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্টের দলে তাকে বাদ দিয়েছিলো বিসিবি। 
মিরপুরে সিরিজের শেষ ও দ্বিতীয় টেস্ট শুরু হবে শুক্রবার।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, নাঈম হাসান ও সাদমান ইসলাম।