বাংলাদেশের ৫০৮ রানের জবাবে দ্বিতীয় দিনেই ফলো অন শঙ্কায় পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিনের শুরুতে সেই শঙ্কা আরও ঘনিভূত হয়েছে আগ্রাসী ব্যাটসম্যান হেটমায়ারের বিদায়ের পর। তৃতীয় দিনের খেলা শুরু করতেই ৯৩ রানে ৮ উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা। ব্যাট করছেন ডাওরিচ (২২) ও ওয়ারিকান (০)। তারা এখনও পিছিয়ে ৪১৫ রানে।
সাকিব শুরু করেন দিনের প্রথম ওভার। শুরুতে ক্যারিবীয়দের স্পিন ফাঁদে ফেলার চেষ্টা করেন। এক ওভার দিয়ে ক্যাচের সুযোগ তৈরি হয়েছিলো তার ওভারে। ডাওরিচ হাল্কা উঠিয়ে দিলেও পয়েন্টের ফিল্ডার বাগে পাওয়ার আগেই তা আগেই মাটি পড়ে যায়।
কিছুক্ষণ পর অবশ্য মেহেদী হাসান মিরাজের ওভারটি আর বিফলে যায়নি। নিজের বলে ফিরতি ক্যাচ তুলে ভয়াবহ হয়ে ওঠা হেটমায়ারকে সাজঘরে পাঠান মিরাজ। হেটমায়ার ফেরেন ৩৯ রানে।
নতুন নামা বিশুও অনুসরণ করেছেন বাকিদের। থিতু হওয়ার বদলে মিরাজের ঘূর্ণিতে ক্যাচ আউট হয়ে ফিরেছেন ১ রানে। কাট করতে গিয়ে ধরা পড়েন সাদমান ইসলামের হাতে। তাতে আবারও ৫ উইকেট শিকারের কীর্তি গড়লেন মিরাজ।
ক্রিজে নেমে পেসার কেমার রোচেরও করার ছিলো না। মিরাজের ঘূর্ণি বলে বরং উঠিয়ে মারতে গিয়ে তালুবন্দী হয়েছেন লিটন দাসের। ফিরেছেন ১ রানে।
প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাটসম্যানদের দারুণ প্রদর্শনীতে ৫০৮ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা। মাহমুদউল্লাহ উপহার দিয়েছেন ক্যারিয়ার সেরা ইনিংস। করেছেন ১৩৬ রান।