ঢাকা টেস্ট নিজের করে নেওয়ার পথটা আগের দিনই তৈরি করে রেখেছিলেন মিরাজ। আগের দিন শেষ বিকালে ৩ উইকেট নেওয়া মিরাজ রবিবার নিলেন আরও ৯ উইকেট। মিরাজের ঘূর্ণি জাদুতে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের আসা যাওয়ার হিড়িক পড়েছিল হোম অব ক্রিকেটে। ঢাকা টেস্টে ২০ উইকেটের ১২টি উইকেট পাওয়া মিরাজই পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।
নিজের অভিষেক সিরিজেই দুই ইনিংসে ৫ বা ততোধিক উইকেট নেওয়ার কৃতিত্ব দেখানো মিরাজ ঢাকা টেস্টেও করলেন একই কীর্তি। ২০১৬ সালে ঢাকাতে ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসের ৬টি করে উইকেট পেয়েছিলেন। এনামুল হক জুনিয়রকে হটিয়ে ১৫৯ রানে ১২ উইকেট নিয়ে এতোদিন বাংলাদেশের সেরা বোলার ছিলেন মিরাজ। রবিবার দুই ইনিংসে ১২ উইকেট (প্রথম ইনিংসে ৭ ও দ্বিতীয় ইনিংসে ৫) নিয়ে নিজের রেকর্ডটা নিজেই ভেঙে রেকর্ড বইটা করলেন সমৃদ্ধ। ১১৭ রান দিয়ে এই টেস্টে মিরাজ নিয়েছেন ১২টি উইকেট। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটাই সেরা বোলিং এখন।
মিরাজ ছাড়াও সাকিব দুইবার করে দুই ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিয়েছিলেন। ২০১৪ সালে জিম্বাবুয়ে ও ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েন। ম্যাচে সাকিবের ক্যারিয়ার সেরা বোলিংটি ছিলো ১২৪ রানে ১০ উইকেট। এছাড়া দুই ইনিংসে একবার করে ৫ বা এর চেয়ে বেশি উইকেট নিয়েছেন এনামুল হক জুনিয়র ও তাইজুল ইসলাম।
এছাড়া প্রথম ইনিংসে মিরাজ গড়েছেন ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। ৫৮ রানের বিনিময়ে তার পকেটে গেছে ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসে আরও ৫টি উইকেট নিয়ে ম্যাচের ক্যারিয়ার সেরা বোলিংও তার।
সবমিলিয়ে মিরাজ ক্যারিয়ারে সপ্তমবারের মতো ৫ উইকেট পেয়েছেন। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার পাঁচ উইকেট পেয়েছেন ১৮বার। ৭ বার করে নিয়েছেন মোহাম্মদ রফিক ও তাইজুল ইসলাম।