করাচিতে এবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নুরুল হাসান সোহান। হংকংয়ের কাছে এবার আর হোঁচট খায়নি ব্যাটসম্যানরা। ৯ রানে প্রথম উইকেট পতনে শঙ্কা জাগলেও নাজমুল হোসেন শান্ত আর জাকির হাসান মিলে ৮৯ রান পর্যন্ত এগিয়ে নেন দলকে। নাজমুল হোসেন শান্ত ৩৬ রানে বিদায় নিলে পরে হাফসেঞ্চুরি থেকে এক রান বঞ্চিত হয়ে ফেরেন জাকির।
পরের ব্যাটসম্যান হিসেবে একাই বাকি পথ পাড়ি দেন জাতীয় দলের তারকা মোসাদ্দেক। ৮৬ বলে ৮ চার ও ৩ ছক্কায় করেন সেঞ্চুরি। তার সঙ্গে ৪৫ রানে জুটি গড়ার চেষ্টায় ছিলেন ইয়াসির। মোসাদ্দেক যখন ফিরে যান তখন দলীয় স্কোর ৬ উইকেটে ৪৮.৪ ওভারে ২৭৭ রান। শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৮৬ রান সংগ্রহ করে সোহানের দল।
জবাবে হংকং শেষ পর্যন্ত লড়াই করে ভুগিয়েছে বাংলাদেশকে। এক পর্যায়ে জয়ের সম্ভাবনা তৈরি করেন দুই ব্যাটসম্যান নিজাকাত খান ও বাবর হায়াত। ৭৬ রানে ২ উইকেট পড়লে দুজন মিলে ৩৫.৪ ওভারে দলের স্কোর নিয়ে যান ১৭৭ রানে। নিজাকাতকে ৯২ রানে নাঈম হাসান বোল্ড করলে পরিস্থিতি পাল্টে যায় ধীরে ধীরে। নিয়মিত বিরতিতে তাদের উইকেট তুলে নেন সোহানরা।
নিজাকাতের সঙ্গী বাবর হায়াতও বঞ্চিত হয়েছেন সেঞ্চুরি। তাকে ৯১ রানে বিদায় দেন সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হওয়া পেসার খালেদ আহমেদ। তার বিদায়ের পর ৭ উইকেটে ২৫৮ রানে শেষ হয় হংকংয়ের ইনিংস।
বাংলাদেশের হয়ে ২৩ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন মোসাদ্দেক, ৬৯ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন খালেদ আহমেদ। একটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও নাঈম হাসান।
এই জয়ের পর গ্রুপ বি-তে ২ ম্যাচে দুই পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বাংলাদেশ। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে আরব আমিরাত রান রেটের কারণে দ্বিতীয় স্থানে। দুটি ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে স্বাগতিক পাকিস্তান।