ম্যাথুজ-মেন্ডিসের পর ওয়েলিংটনে বৃষ্টির হানা

মেন্ডিসের শট খেলার মুহূর্ত।আগের দিনই ড্র সম্ভাবনা তৈরি করেছিলো অ্যাঞ্জেলো ম্যাথুজ আর কুসল মেন্ডিসের অবিচ্ছিন্ন জুটি। ওয়েলিংটনের পঞ্চম ও শেষ দিনে নেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করেছে বৃষ্টি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছে এ দুজনের দৃঢ়তায়।

শেষ দিনে বৃষ্টির হানায় খেলা শুরুতে ছিলো বিলম্ব। ৯০ মিনিট পর শুরু হলেও খেলা হয়েছে মাত্র ১২ ওভার। শেষ দিনেও অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন ম্যাথুজ ও মেন্ডিস। মেন্ডিস অপরাজিত থাকেন ১৪১ রানে আর ম্যাথুজ ১২০ রানে।

আগের দিন ৩ উইকেটে ২৫৯ রানে দিন শেষ করার পর এদিন দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের থামতে হয় ২৮৩ রানে। দুজনের অবিচ্ছিন্ন জুটি ছিলো ২৭৪ রানের।

শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা ২৮২ রানের পর নিউজিল্যান্ড গড়েছিলো রানের পাহাড়। টম ল্যাথামের বিশ্বরেকর্ড ইনিংসে ৫৭৮ রানের সেই পাহাড় দেখে মোটেও ভড়কে যাননি ম্যাথুজ ও মেন্ডিস। তাদের দৃঢ়তাতেই চতুর্থ দিন প্রতিরোধ দিয়ে খেলে শ্রীলঙ্কা। কিউই বোলাররা এদিনও চির ধরাতে পারেননি তাদের এমন প্রতিরোধে। আর শেষ দিন তাদের এই দৃঢ়চেতা ব্যাটিংয়ে সহায়ক ছিলো বৃষ্টি। যখন লিড থেকে তারা ৯ রান দূরে তখন বৃষ্টি নামলে পরে আর খেলা মাঠে গড়ায়নি। তাতে দুই ম্যাচ সিরিজের প্রথমটি ড্র হওয়ায় শেষ টেস্ট হয়ে রইলো সিরিজ নির্ধারণী। ম্যাচেসরা হন পুরো ইনিংসে ব্যাটিং করে রেকর্ড গড়া টম ল্যাথাম।