চলে গেলেন ইয়োসেফ অ্যাডামেচ

ইয়োসেফ অ্যাডামেচ।১৯৬২ বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠার স্বাদ নিয়েছিলো সাবেক চেকোস্লোভাকিয়া। সেই দলের সবচেয়ে কনিষ্ঠতম সদস্য ছিলেন ইয়োসেফ অ্যাডামেচ। পরবর্তীতে কোচ হয়েছিলেন স্লোভাক জাতীয় দলের। ৭৬ বছর বয়সী সাবেক এই স্ট্রাইকার পাড়ি জমিয়েছেন পরপারে।

স্লোভাক ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, গত সোমবার ত্রিনাভার একটি হাসপাতালে মারা যান তিনি। জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্বকালে বেশ কিছু আলো ঝলমলে নৈপুণ্য ছিলো অ্যাডামেচের। ১৯৬৮ সালে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে করেছিলেন হ্যাটট্রিক। চেকোস্লোভাকিয়ার জার্সিতে ৪৪টি ম্যাচ খেলা অ্যাডামেচের গোল সংখ্যা বেশি নয়, ১৪টি।  তবে ঘরোয়া ফুটবলে তার পারফরম্যান্স দারুণ। লিগের শীর্ষ পর্যায়ে গোল করেছেন ১৭০টি। স্পার্তাক ত্রিনাভার হয়ে ৫টি আর দুকলা প্রাগের হয়ে জিতেছেন দুটি শিরোপা।

১৯৬৯ সালে সাবেক ইউরোপিয়ান কাপে ত্রিনাভাকে নিয়ে গেছেন সেমিফাইনালে। শেষ পর্যন্ত ইয়োহান ক্রুইফের আয়াক্সের কাছে দুই লেগ মিলে অ্যাডামেচের দল হেরে যায় ৩-২ গোলে। স্লোভাক জাতীয় দলের কোচ ছিলেন ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত।