অজিদের কাজটা কঠিন করে দিলো কোহলি-পূজারা

কোহলি-পূজারাই গড়ে দেন প্রথম ইনিংসের ভিত।মেলবোর্নে তৃতীয় টেস্টে দ্বিতীয় দিনেও দাপট দেখিয়ে খেলেছে ভারত। প্রথম ইনিংস তারা ঘোষণা করেছে ৭ উইকেটে ৪৪৩ রানের বিশাল সংগ্রহ গড়ে। অস্ট্রেলিয়া বিনা উইকেটে ৮ রানে দিন শেষ করেছে।

আগের দিন অপরাজিত থাকা বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা জুটি এদিন লাঞ্চ পর্যন্ত যোগ করেন ৬২ রান। লাঞ্চের আগে ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি পূরণ করেন পূজারা। বিরাট কোহলি বিরতির পর পরেই ফিরে যান মিচেল স্টার্কের বলে। ফিরে যান ৮২ রানের ইনিংস খেলে। গুরুত্বপূর্ণ এই জুটি ভাঙার কয়েক ওভার পর পূজারাও ফেরেন কামিন্সের বলে। বিদায় নেওয়ার আগে করেন ১০৬ রান।

১৭০ রানের এই জুটি বিদায় নিলে বড় ইনিংস বলতে রোহিত শর্মার ৬৩ রানই উল্লেখযোগ্য ছিলো। শেষ পর্যন্ত ৭ উইকেটে ৪৪৩ রান তুললে ইনিংস ঘোষণ করে ভারত। রোহিত ৬৩ রানে অপরাজিত থাকেন।

প্যাট কামিন্স ৭২ রানে ৩ উইকেট নেন। দুটি নেন মিচেল স্টার্ক। একটি করে উইকেট নেন জশ হ্যাজেলউড ও নাথান লায়ন।

পরে মাত্র ৬ ওভার খেলার সুযোগ পায় অস্ট্রেলিয়া। ব্যাট করছেন মার্কাস হ্যারিস (৫) ও অ্যারন ফিঞ্চ (৩)। তাদের সংগ্রহ ৮ রান। পিছিয়ে আছে ৪৩৫ রানে। ধীরে ধীরে পিচ আচরণ পরিবর্তন করায় বড় সংগ্রামই করতে হবে অজি ব্যাটসম্যানদের।