বিপিএলে এখন পর্যন্ত ৭টি ম্যাচের ৬টিতেই জয় চিটাগংয়ের। ১২ পয়েন্ট নিয়ে সবার উপরে এখন তারা। অপর দিকে রাজশাহী ৮টি ম্যাচে ৪টি জয়ে পিছিয়ে পঞ্চমে। টানা দুই জয়ে চোখ রাঙালেও শেষ ম্যাচে অধিনায়ক মুশফিকুর রহিম ও মোসাদ্দেক হোসেনের ব্যাটে জয় নিশ্চিত করেছে চিটাগং।
নিয়মিত বিরতিতে উইকেট হারানো চিটাগংয়ের জয়ের হালটা ছিলো মুশফিকুর রহিমের হাতেই। ঝড়ো গতিতে ব্যাট চালিয়ে ৪৬ বলে ৬ চার ও ২ ছক্কায় অপরাজিত ছিলেন ৬৪ রানে। সঙ্গী মোসাদ্দেককে নিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলেন তিনি। মোসাদ্দেক ২৬ বলে অপরাজিত থাকেন ৪৩ রানে। শেষ ওভারে মোস্তাফিজুর বোলিংয়ে আসলে নাটকীয়তার জন্ম দেন। ৩ বলে প্রয়োজন ছিলো ৩ রান। চতুর্থ বলে চার মেরেই জয় ছিনিয়ে নেন মোসাদ্দেক। ৪ উইকেট হারিয়ে তারা জয় নিশ্চিত করে ১৯.৪ ওভারে।
শুরুতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে চিটাগং ভাইকিংসকে ১৫৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় মিরাজের দল।
এবারের বিপিএলকে প্রথম সেঞ্চুরি এনে দেওয়া ইভান্সের ব্যাট আজকেও ছিলো শাণ দেওয়া তলোয়ার। শুরুর দিকে সেভাবে কেউ রান তুলতে না পারায় স্কোর বোর্ড আরও সমৃদ্ধ হতে পারেনি। ব্যাট হাতে আধিপত্য ছিলো শুধুই ইভান্সের। ৫৬ বলে ৭৪ রান করেন ৮ চার ও ২ ছক্কায়।
শেষ দিকে আরও আগ্রাসী হওয়ার আগে তাকে বিদায় দেন খালেদ আহমেদ। ইনিংসের শেষ দিকে চাহিদা অনুযায়ী রান তুলেছেন জোনকার ও মেহেদী মিরাজ। ২০ বলে ৩টি চার ও ২ ছক্কায় ৩৬ রানে অপরাজিত ছিলেন জোনকার। আর ৪ বলে ১০ রান করেন রাজশাহী অধিনায়ক। ৫ উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৫৭ রান।
রাজশাহীর পক্ষে তিন উইকেট নেন আরাফাত সানি। চিটাগংয়ের পক্ষে দুটি নেন খালেদ।