পান্ডিয়া-রাহুলের নিষেধাজ্ঞা প্রত্যাহার

হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল। ভারতীয় ক্রিকেট বোর্ডের দ্বিধা-বিভক্তির কারণে সাময়িক নিষেধাজ্ঞা প্রাপ্ত ভারতীয় দুই ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের ভাগ্য ঝুলেছিলো বেশ কয়েকদিন। দুই ক্রিকেটারের জন্য সুসংবাদ দিলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দুই ক্রিকেটারের সাময়িক এই নিষেধাজ্ঞা আপাতত তুলে নিয়েছে বিসিসিআই এর প্রশাসক কমিটি।

সেলেব্রেটি টক শো-কফি উইথ করণে মেয়েদের নিয়ে করা অশালীন মন্তব্যের কারণে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিলো তাদের। বলা হচ্ছিলো- এ নিয়ে তদন্তের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে তারা দলে ফিরতে পারবেন কিনা। এমন অবস্থায় ভারতের বোর্ডে ন্যায়পাল নিয়োগ নিয়ে তাদের সিদ্ধান্ত ঝুলে থাকার কারণে কমিটি নিজেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলো। ফলে চলমান নিউজিল্যান্ড সিরিজে খেলতে বাধা নেই তাদের। শোনা যাচ্ছে, পান্ডিয়া এই সিরিজেই যোগ দিতে পারেন।

মূলত প্রশাসক কমিটির তিন সদস্যের দ্বিধা-বিভক্তির কারণে এ নিয়ে এতদিন ধোঁয়াশা চলছিলো। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সেই অবস্থান থেকে সরে এসে বিবৃতিতে জানালো, ‘পান্ডিয়া ও রাহুলের ওপর থেকে সাময়িক নিষেধাজ্ঞার বিষয়টি আপাতত তুলে নেওয়া হয়েছে। বিষয়টি অ্যামিকাস কিউরি পিএস নারাসিমহার সঙ্গে আলোচনা করে নেওয়া হয়েছে। তাই ১১ তারিখে দেওয়া নিষেধাজ্ঞা ‍আপাতত তুলে দেওয়া হয়েছে।’

বিবৃতিতে আরও জানানো হয়েছে, বিসিসিআই তাদের ন্যায়পাল নিয়োগের পর তদন্ত শেষে তাদের ভাগ্য নির্ধারণ করবে।