প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরেই ব্যানক্রফটের সেঞ্চুরি

প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরেই ব্যানক্রফটের সেঞ্চুরি।বল টেম্পারিংয়ের ৯ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ডিসেম্বরে ফিরেছেন ক্যামেরন ব্যানক্রফট। মাঝে বিগ ব্যাশে সংক্ষিপ্ত ফরম্যাটে আলো ছড়িয়েছেন বিধ্বংসী কিছু ইনিংস খেলে। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে তার স্বরূপটা দেখার অপেক্ষায় ছিলেন অনেকে। যার ঝলকটা প্রত্যাবর্তন ম্যাচে দেখালেন ১৩৮ রানের অপরাজিত ইনিংস খেলে।

শেফিল্ড শিল্ডে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ১৩৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ব্যানক্রফট! সিডনিতে চারদিনের ম্যাচে প্রথম ইনিংসে তার ব্যাটে ভর করে ২৭৯ রান সংগ্রহ করেছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। প্রত্যাবর্তন ম্যাচে তার এই সেঞ্চুরি অবশ্য আলাদা মাহাত্ম্য যোগ করেছে। একেতো প্রত্যাবর্তন ম্যাচ তার ওপর দলের বিপদে হাল ধরে খেলেছেন শেষ পর্যন্ত। দলের সমৃদ্ধ স্কোরটা এসেছে ব্যানক্রফটের দায়িত্বশীল ইনিংসে ভর করেই।
ওপেনিংয়ে নেমে স্যাম হোয়াইটম্যানকে সঙ্গে করে উদ্বোধনী জুটিতে প্রথমে তুলে ছিলেন ১১৯ রান। হোয়াইটম্যান বিদায় নিলে অপরপ্রান্ত হয়ে পড়ে অরক্ষিত। নিয়মিত আসা যাওয়ার মিছিলে যোগ দেন পরের ব্যাটসম্যানরা। শুধু ব্যানক্রফট একার লড়াই চালিয়ে দলকে পৌঁছে দিয়েছেন ২৭৯ রানে। শেষ ব্যাটসম্যান বিদায় নিলেও ব্যানক্রফট অপরাজিত থাকেন ১৩৮ রানে। বাকিরা যেখানে থিতু হতে পারেননি সেখানে স্থিতধী ছিলেন তিনি। ব্যানক্রফটের ইনিংসটি ছিলো ৩৫৮ বলের। সাজানো ছিলো ৮টি চার ও ৩টি ছয়ে।

বিপরীতে দ্বিতীয় দিন শেষে নিউ সাউথ ওয়েলস প্রথম ইনিংসে ৩ উইকেটে করেছে ১৮৮ রান।