প্রথম সেশনে সফরকারী বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছেন দুই ওপেনার টম ল্যাথাম ও জিত রাভাল। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন জিত রাভাল। ব্যাট করছেন ১০৯ রানে। একই সঙ্গে টেস্টের হাজার রানও পূরণ করেছেন। অপর প্রান্তে ল্যাথামও ব্যাট করছেন দাপটের সঙ্গে। ক্রিজে আছেন ৮৩ রানে। ওপেনিং জুটিতে এই সেশনে ২৬ ওভারে রান যোগ হয়েছে ১১১।
সেডন পার্কে মেঘাচ্ছন্ন পরিবেশে বোলিং শুরু করেন খালেদ। ৮৬ রান নিয়ে দিনের খেলা শুরু করেন দুই ওপেনার জিত রাভাল ও টম ল্যাথাম। ধীরে ধীরে নিজের ১৬তম টেস্ট হাফসেঞ্চুরি তুলে নেন ল্যাথাম। অবশ্য পয়েন্টে চার মারার সময় ক্যাচ উঠলেও ফিল্ডারদের নাগালে ছিলো না। এদিন টেস্ট ক্যারিয়ারের তিন হাজার রানও পূরণ করেন ল্যাথাম।
৪২তম ওভারে খালেদের ওভারে ফিল্ডিং পজিশনে নিয়ম না মানায় ৫ রানের পেনাল্টি দিতে হয় বাংলাদেশকে। যা চোখে পড়ে স্ট্রাইকিংয়ে থাকা টম ল্যাথামের।
বাংলাদেশের বোলাররা সুযোগ তৈরি করতে না পারলেও মাঝে মাঝে কিছু ডেলিভারিতে ভড়কে দেওয়ার চেষ্টা করেছে। তবে তা উইকেট পতন ঘটাতে পারেনি। দুই ওপেনার খেলেছেন বেশ স্বাচ্ছন্দ্য নিয়ে। একই সঙ্গে টেস্টের নিয়ন্ত্রণ নিয়ে হতাশা বাড়াচ্ছেন সফরকারীদের।
আগের দিন তামিম ইকবালের দারুণ ইনিংসের পরেও ২৩৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। অবশ্য বোলিং আক্রমণে নিষ্প্রভ থাকলেও গতকাল নিজের প্রথম ওভারেই ল্যাথামের উইকেট নেওয়ার সুযোগ তৈরি করেছিলেন এবাদত হোসেন। কিন্তু স্লিপে দাঁড়ানো সৌম্য সরকার ক্যাচ ফেলায় অভিষেক উইকেট থেকে বঞ্চিত হন।