পেনাল্টি ভাগ্যে পিএসজিকে হারিয়ে ফরাসি কাপ রেনের

রেনের উল্লাস।লিগ ওয়ানে চ্যাম্পিয়ন হওয়ার পর ফরাসি কাপেও প্রত্যাশিত শিরোপা জিততে মুখিয়ে ছিলো পিএসজি। কারণ গত ৪ বছর ধরেই যে এই শিরোপায় একক আধিপত্য ছিলো নেইমারদের। পেনাল্টি ভাগ্যে তাদের সেই একক আধিপত্যের ইতি ঘটিয়েছে রেনে। ১৯৭১ সালের পর ফরাসি কাপ জিতলো তারা। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে পিএসজিকে পেনাল্টিতে তারা হারিয়েছে ৬-৫ গোলে ।

অথচ নির্ধারিত সময়ের খেলায় একটা সময় ছিলো পিএসজিরই দাপট। শুরুটায় ভালো কিছুর ইঙ্গিতও দেয় তারা। প্রথমার্ধে দানি আলভেস ১৩ মিনিটে এগিয়ে নেন দলকে। চোট কাটিয়ে ফেরা নেইমারও ছিলেন উজ্জ্বল। ২১ মিনিটে তার করা গোলে ব্যবধান বাড়িয়ে নেয় পিএসজি। অনুকূল সেই পরিস্থিতি থেকে তাদের ছিটকে দেন কেম্পেবে। পিএসজির এই ডিফেন্ডার ৪০ মিনিটে আত্মঘাতী গোল করলে ম্যাচে ফেরার আত্মবিশ্বাস পেয়ে যায় রেনে। ৬৬ মিনিটে তাদের হয়ে ম্যাচের ভাগ্যটাকে নিজেদের পক্ষে আনতে ভূমিকা রাখেন মেক্সের।

অতিরিক্ত সময়ে মাঠে খেলা গড়ালে পরিস্থিতি আরও প্রতিকূলে চলে যায় পিএসজির। ১১৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কিলিয়ান এমবাপে। নির্ধারিত সময়ের খেলা ২-২ ড্রয়ের পর অতিরিক্ত সময়েও রোমাঞ্চ ছড়িয়েছে দুই দল। তবে পেনাল্টি ভাগ্যে ম্যাচটি গড়ালে সেখানে ভাগ্যদেবী মুখ তুলে তাকায় রেনের দিকেই। পেনাল্টিতে রেনে ম্যাচ জিতে নেয় ৬-৫ গোলে।