এখনও বিশ্বাস করি বিশ্বকাপ জেতা সম্ভব: দু প্লেসি

সংবাদ সম্মেলনে ফাফ দু প্লেসি।বিশ্বকাপের শুরুটা খুবই বাজে হলো দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশের বিপক্ষে ২১ রানের পর এখন বিশ্বকাপে টিকে থাকাই হুমকির মুখে পড়েছে প্রোটিয়াদের। পুরনো পরিকল্পনা কাজে না আসায় নতুন পরিকল্পার দিকে ঝুঁকছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ দু প্লেসি।

পেস আক্রমণের মূল অস্ত্র ডেল স্টেইন এখনও সুস্থ হতে না পারায় প্রোটিয়া অধিনায়ক দু প্লেসি স্বীকার করে নিলেন প্ল্যান ‘এ’ গোল্লায় গেছে। অবশ্য টানা দুই ম্যাচে হেরেও বিশ্বকাপের আশা ছাড়ছেন না প্রোটিয়া অধিনায়ক, ‘আমি বিশ্বাস করি আমরা এখনও বিশ্বকাপ জিততে পারবো। যদি ‘না’ বলি তাহলে আমি দক্ষিণ আফ্রিকান নই।’

বুধবার শক্তিশালী ভারতের বিপক্ষে আরেকটি ম্যাচ প্রোটিয়াদের। অথচ তার আগেই এমন দুর্দশা দলে প্রকট হয়ে পড়ায় এর কারণ খুঁজে বেরাচ্ছেন দু প্লেসি। তবে ঘুরে দাঁড়াতে বেশ দৃঢ় প্রতিজ্ঞ দেখা গেলো তাকে, ‘আমি দলের আত্মবিশ্বাস বাড়াতে সব চেষ্টাই করবো। ভারতের বিপক্ষে কঠিন ম্যাচ অপেক্ষা করছে, ওদের প্রথম কিন্তু আমাদের তৃতীয় ম্যাচ। জানি এই মুহূর্তে দল ভালো অবস্থায় নেই।কিন্তু আমাদের ঘুরে দাঁড়াতেই হবে।’ 

বাংলাদেশের বিপক্ষে লুঙ্গি এনগিদির চোটের পর বেশ ভুগতে দেখা গেছে প্রোটিয়াদের। বিশেষ করে ৪ ব্যয়বহুল ওভারে বাংলাদেশের রান ছুঁয়েছে রেকর্ড ৩৩০। এমন দুর্দশাগ্রস্ত অবস্থার জন্য লুঙ্গির চোটকেই কারণ মনে করছেন প্লেসি, ‘দেখুন পরিকল্পনা যেভাবে করেছি তা কাজে আসেনি। এই ম্যাচের আগে ছেলেদের বহুবার আগ্রাসী হওয়ার কথা বলেছিলাম। কিন্তু লুঙ্গি ইনজুরিতে পড়ার পর সব কিছুই পাল্টে গেছে।’