প্রোটিয়াদের নিয়ে দলকে সতর্ক করলেন হাথুরুসিংহে

শ্রীলঙ্কা কোচ চন্ডিকা হাথুরুসিংহে।বিশ্বকাপে এখনও সেমিফাইনালের আশা টিকে আছে শ্রীলঙ্কার। এমন পরিস্থিতিতে শুক্রবার তাদের প্রতিপক্ষ টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়া দক্ষিণ আফ্রিকা। লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এরপরেও সতর্ক করে দিলেন তার দলকে। বলছেন, ভুল করলে হুমকি হয়ে দাঁড়াতে পারে প্রোটিয়ারা!

১৯৯৬ বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কার টুর্নামেন্ট শুরুটা হয়েছে বাজেভাবে। প্রথম ৫ খেলায় জয় ছিল মাত্র একটি। এতে আবার দুটি ভেসে গেছে বৃষ্টিতে। কিন্তু গত সপ্তাহে টুর্নামেন্ট ফেভারিট ইংল্যান্ডকে হারিয়ে একই সঙ্গে অস্ট্রেলিয়ার কাছে ইংলিশদের হেরে যাওয়াতে শেষ চারের পথটা হয়ে গেছে এখন উন্মুক্ত।

এমন অবস্থায় কোনও ভুল করতে চায় না শ্রীলঙ্কা। লঙ্কান কোচ তাই প্রোটিয়াদের নিয়ে বেশ সতর্ক, ‘আসলে আপনাদের যখন কোনও চাপ থাকবে না। তখন তারা ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে। আর সেটা তাদের কাজেও দিতে পারে। তাই আপনি নিশ্চিত করে কিছু বলতে পারেন না।’

অবশ্য এই প্রোটিয়াদের কাছে বছরের শুরুতে ওয়ানডে সিরিজে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে শ্রীলঙ্কা। এমন হারের পরেও এই ম্যাচ নিয়ে লঙ্কানরা খুব আত্মবিশ্বাসী। বিশেষ করে ইংল্যান্ডকে হারানোর পর। হাথুরুসিংহে বললেন, ‘আমার মনে হয় কালকে আমাদের সুযোগটা খুব বেশি। আমরা দুটি জয় নিয়ে এসেছি। আফগানিস্তান আর সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয় আমাদের। যদিও আমরা এখনও সেরা ক্রিকেটটা খেলিনি।’