‘পিচ স্লো হওয়াতে ওরা রান তুলতে পারেনি’

রোহিত শর্মা।গতকাল ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হেরে যাওয়ার পর থেকে খুঁটিনাটি বিশ্লেষণ হচ্ছে ম্যাচ নিয়ে। বিশেষ করে শেষ ৫ ওভারে মহেন্দ্র সিং ধোনি ও কেদার যাদবের কচ্ছপ গতিতে রান তোলার ভঙ্গিটা প্রশ্ন তুলেছে অনেক। ম্যাচের পর রোহিত শর্মা জানালেন পিচ স্লো হওয়াতেই ব্যর্থ হয়েছেন তারা!

ভারতের সহকারী অধিনায়ক রোহিত শর্মা ম্যাচের পর বলেছেন, ‘যখন ধোনি আর কেদার ব্যাটিং করছিল ওরা কিন্তু হিট করার চেষ্টা করেছে। কিন্তু পিচ স্লো হওয়াতে ওরা রান তুলতে পারেনি।’

ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ৩৩৮ রানের লক্ষ্যে প্রথম পাওয়ার প্লেতে মাত্র ২৮ রান তুলতে পেরেছে ভারতীয় দল। শেষ ৫ ওভারে ধোনি আর কেদার মিলে তিনটি চার, একটি ছয় আর সিঙ্গেল নিয়েছেন ২০টি! ডট ছিল ৬টি। এর ব্যাখ্যায় রোহিত বলেছেন, ‘শুরুতে উইকেট হারিয়েই চাপে পড়ে গিয়েছিলাম। লোকেশ রাহুল শুরুতে চলে গেলে ১০ ওভারে ওরা কিন্তু দারুণ বোলিং করেছে।’

অবশ্য রোহিত শর্মা ইংলিশ দলকেই কৃতিত্ব দিতে চাইলেন বেশি করে, ‘ইংলিশ দলকে কিন্তু কৃতিত্ব দিতেই হবে। কারণ ওদের কন্ডিশনটা ওরা ভালো মতো ব্যবহার করেছে। বিশেষ করে লম্বা বাউন্ডারিগুলো কাজে লাগিয়েছে।’