ঘটনাটি আফগানিস্তান ইনিংসের ১০৭ নম্বর ওভারে। সাকিব দিনের প্রথম ওভারে চতুর্থ বল করার আগে হঠাৎ করে পূর্ব পাশের গ্যালারি থেকে নিরাপত্তা বলয় টপকে ভেতরে প্রবেশ করেন সেই দর্শক। এরপর এক দৌড়ে সোজা চলে যান সাকিবের কাছে। সেখানে হাঁটু গেড়ে সাকিবের দিকে হাতে থাকা গোলাপ ফুলটি বাড়িয়ে দিয়েছিলেন। আবার তার সঙ্গে জোরপূর্বক কোলাকুলিও করতে উদ্যত হয়েছিলেন!
সংবাদ সম্মেলনে অবধারিত ভাবেই উঠে আসলো সেই ঘটনাটি। উত্তর দিতে গিয়ে সাকিবও বেশ লজ্জা পাচ্ছিলেন। সেই ভক্ত কী বলেছিল সাকিবকে? এমন প্রশ্নের জবাবে তার উত্তর ছিল, ‘ফুল নিতে বলেছিল। এমন ভাবে ফুল নিতে বললো, আমি ভাবলাম বিয়ের প্রস্তাব দেয় কিনা (হাসি)। ভয় পেয়ে গিয়েছিলাম।’
সাকিব অবশ্য অনুরোধ করেছেন ভক্তদের প্রতি। নিরাপত্তা বলয় ভেঙে ভক্তরা ঢুকে পড়ুক এমনটি চান না তিনি, ‘আমি চাই না এভাবে ভক্তরা মাঠে ঢুকে পড়ুক। এটা আমাদের ক্রিকেটের জন্য কখনোই ভালো কিছু নয়।’