যুব এশিয়া কাপে বাংলাদেশের শুভ সূচনা

আমিরাতকে হারিয়ে শুরু যুব দলের। আরব আমিরাতের বিপক্ষে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশের যুবারা। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ১৪১ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

শুক্রবার টস জিতে বাংলাদেশ ব্যাটিংয়ের আমন্ত্রণ পাঠায় আরব আমিরাতকে। আগে ব্যাটিং করে তারা ২৮ ওভারে অলআউট হয়েছে ১২৭ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন ওসামা হাসান। এছাড়া শারাফুর ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৩৪ রান।
রাকিবুল হাসান ২৫ রানে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন। এছাড়া তাজিম হাসান সাকিব ৩৬ রানে তিনটি, শরিফুল ইসলাম ১৬ রানে দুটি ও মৃত্যুঞ্জয় চৌধুরী ৩০ রানে একটি উইকেট নেন।

১২৮ রানের জবাবে খেলতে নেমে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ২১.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তানজিদ হাসান ও পারভেজ হোসেনের ৬২ রানের ওপেনিং জুটি জয়ের ভিত গড়ে দেয়। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেছেন তানজিদ হাসান। এছাড়া পারভেজ হোসেন ইমন ৩০ এবং মাহমুদুল হাসান জয় করেন ২৭ রান। আরব আমিরাতের হয়ে মুখার্জি ২৭ রান দিয়ে নেন ২ উইকেট।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৮ সেপ্টেম্বর। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপাল। গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১০ সেপ্টেম্বর মাঠে নামবে বাংলাদেশের যুবারা। শেষ দুটি ম্যাচের একটি জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে লাল-সবুজ জার্সীধারীদের।