গোল পেলেন রোনালদো, তবুও বাড়ির পথে পর্তুগিজরা

বিশ্বকাপে গ্রুপ 'জি' তে নিজেদের শেষ ম্যাচে পতুর্গালের জয়টি হয়ে থাকলো শুধুই সান্ত্বনার। ঘানাকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে যুক্তরাষ্ট্রের সমান চার পয়েন্ট পেলেও মিললো না নক আউট পর্বের টিকেট। গোল ব্যবধানে তারা যে পিছিয়ে অনেক দূরে। একই সময়ে শেষ হওয়া অন্য ম্যাচে যুক্তরাষ্ট্র জার্মানির কাছে হেরেও গোল গড়ে এগিয়ে থাকায় শিঁকে ছিড়লো তাদেরই। যুক্তরাষ্ট্রের গোল গড় +১, পর্তুগিজদের সেখানে -৩। সেই প্রথম ম্যাচে জার্মানির কাছে ৪-০ গোলের ব্যবধানে হারটাই কাল হলো তাদের। টুর্নামেন্টে এদিন প্রথম গোল পেয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। চারটি বিশ্বকাপে মোট ১০ গোল তার, কিন্তু তারপরও এই রিয়াল মাদ্রিদ তারকার চোখে মুখে ভর করা বিষণ্ণতাই এবারের বিশ্বকাপে শেষ ছবি হয়ে থাকলো পর্তুগালের জন্য। বাংলাদেশ সময় রাত ১০টায় ব্রাজিলিয়ায় শুরু হয় ম্যাচটি। ম্যাচের ৩১ মিনিটে আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে পিছিয়ে যায় ঘানা। পর্তুগিজ মিডফিল্ডার মিগুয়েল ভেলোসোর নেওয়া শটে বল ঘানার ডিফেন্ডার জন বোয়ের পায়ে লেগে বার স্পর্শ করে জালে জড়ায়। অার এতেই এগিয়ে যায় পর্তুগাল। যদিও ম্যাচের ৫৭ মিনিটে আসামোয়া গিয়ানের গোলে সমতায় ফিরে ঘানা। তারপর উভয় দলের মধ্যে অাক্রমণ প্রতি অাক্রমণ চললেও গোলের দেখা পাচ্ছিল না কেউই। অবশেষে খেলা শেষ হওয়ার ১০ মিনিট অাগে রোনালদোর গোলে জয় নিশ্চিত করে পর্তুগাল। এই গ্রুপের অন্য খেলায় যুক্তরাষ্ট্র জার্মানির কাছে ১-০ গোলে পরাজিত হলেও পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকায় ঘানা ও পর্তুগালকে পেছনে ফেলে নক অাউট পর্ব নিশ্চিত করে।