দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আক্ষেপ হয়ে আছে ভালো মানের একজন লেগস্পিনার। বিসিবিও বিভিন্ন সময় বিভিন্ন খেলোয়াড়দের তুলে আনার চেষ্টা করেছে। কিন্তু সেই চেষ্টা বিফলে গেছে। শেষপ্রচেষ্টা হিসেবে জাতীয় লিগে লেগ স্পিনারদের খেলানো বাধ্যতামূলক করেছিল বিসিবি। কিন্তু দলে লেগ স্পিনার থাকার পরও বিসিবির নির্দেশনা উপেক্ষা করেছেন ঢাকা ও রংপুর বিভাগের কোচ। তাই দুই কোচকে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঢাকা বিভাগের কোচ জাহাঙ্গীর আলম একাদশে খেলাননি লেগ স্পিনার জুবায়ের হোসেনকে। আর রংপুরের কোচ মাসুদ পারভেজ বাইরে রাখেন লেগ স্পিনার রিশাদ হোসেনকে। জাতীয় লিগে চলতি আসরের দুই ম্যাচে এই কাজ করেছেন এ দুই কোচ।
এই কারণে কোচদের ওপর চটেছেন বোর্ড প্রধান নাজমুল হাসান। জুবায়ের ও রিশাদকে না খেলানোর কারণ জানতে প্রথমে বিসিবিতে তাদের তলব করা হয়েছিল। পরবর্তীতে সদুত্তর দিতে না পারায় বরখাস্তই করা হয়েছে ওই দুই কোচকে।
রাতেই দুই কোচকে বাদ দিয়ে নতুন কোচ নিয়োগ দেওয়া হয়েছে বলে বিসিবি সূত্রে নিশ্চিত হওয়া গেছে। ঢাকা বিভাগের কোচ হিসেবে জাহাঙ্গীরের জায়গায় দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সেলিম আর রংপুরের মাসুদকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে জাফরুল এহসানকে। দুইজন ইতোমধ্যে নির্ধারিত ভেন্যুর উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
এ প্রসঙ্গে রংপুর বিভাগের দায়িত্ব পাওয়া জাফরুল এহসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমিতো আসলে এখনো কিছু জানি না। ভেন্যুতে যাওয়ার পর বুঝতে পারবো। না জেনে এই মুহূর্তে মন্তব্য করা উচিত হবে না।’
রংপুরে খেলছেন রিশাদ হোসেন। তৃতীয় রাউন্ডে তাকে খেলানো হবে কিনা এমন প্রশ্নের উত্তরে জাফরুল এহসান বলেছেন, ‘সুযোগ থাকলে দ্বিতীয় রাউন্ডেই নামিয়ে দিতাম। যেহেতু নির্দেশনা আছে। অবশ্যই তৃতীয় রাউন্ডে খেলাবো।’