বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজে সন্ত্রাসী হামলার আশঙ্কা!

8L6A2491ভারত ও বাংলাদেশের মধ্যকার সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে। ৩ নভেম্বরে হতে যাওয়া এই সিরিজে সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা-ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। এমন আশঙ্কায় প্রথম ম্যাচের জন্য দিল্লির পুলিশকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সুপারিশ করেছে সংস্থাটি।

সংস্থাটি জানিয়েছে, তাদের কাছে অজ্ঞাতনামা একটি চিঠি এসেছে। যেখানে ভারতীয় দল ও বিশেষ করে ভারতের অধিনায়ক বিরাট কোহলির ওপর হামলার হুমকি রয়েছে। এমন খবর প্রকাশ করেছে ভারতের হিন্দুস্তান টাইমস। চিঠি পেয়ে সঙ্গে সঙ্গে তা জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-কে। সংবাদে বলা হয়েছে হামলা চালাতে পারে কেরালাভিত্তিক সন্ত্রাসী সংগঠন অল ইন্ডিয়া লস্কর।

আরও বলা হয়েছে, হামলার খবরটি গুজব হতে পারে। তবে পূর্ব আশঙ্কা থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে এই ম্যাচে। হামলার এই তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামও রয়েছে।

ভারত সফরে বাংলাদেশ সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলবে ৩ নভেম্বর। প্রথম ম্যাচটি হবে দিল্লিতে। ৭ নভেম্বর রাজকোট এবং ১০ নভেম্বর নাগপুরে বাকি দুটি টি-টোয়েন্টি হবে। ইন্দোরে প্রথম টেস্ট শুরু হবে ১৪ নভেম্বর। ২২ নভেম্বর শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের ভেন্যু কলকাতার ইডেন গার্ডেন্স।